তৃণমূলের বুথ এজেন্টরা যাতে ভোটকেন্দ্রে বসতে না-পারে, সেই কারণেই ভোটের মুখে তাঁদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে (West Bengal Assembly Election)। মঙ্গলবার পিংলার নির্বাচনী সভা (Election Campaign) থেকে বড় আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, আসন বেছে বেছে টার্গেট করা হচ্ছে তৃণমূলকে। মমতা বলেন, “তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে। যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না-পারে।”এই সূত্রেই তাঁর নির্দেশ, “প্যারালাল মেশিনারি (বিকল্প ব্যবস্থা) তৈরি রাখতে হবে। এক জনকে গ্রেপ্তার করলে আর এক জন থাকবে। মা-বোনেদের এজেন্ট থাকবে।”
প্রসঙ্গত, সোমবার রাতেই আইপ্যাক (IPAC) ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এরপরেই নির্বাচনী জনসভা থেকে দলীয় বুথ এজেন্টদের গ্রেপ্তারিই আশঙ্কা প্রকাশ করলেন, যা যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে দুরন্ত খেলা খেলে বিজেপিকে এই ভোটে পগার পার করার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, “তোমরা ভাবছ, নোংরা খেলা খেলবে? না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব।”
পিংলার সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, “আমি অনেক দিন রাজনীতি করছি। দীর্ঘ দিন সাংসদ, কেন্দ্রে মন্ত্রী ছিলাম। কিন্তু বিজেপির মতো নোংরা গেম (খেলা) আর কখনও কাউকে খেলতে দেখিনি।” সভা থেকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তোপ দেগে তিনি বলেন, “নয়ডা জ্বলছে। আর এখানে যোগীবাবু এসে বলছেন বাংলায় বুলডোজ়ার চলবে।”
এসআইআর-এ নাম বাদ পড়া প্রসঙ্গেও তিনি সরব হন। মঞ্চের সামনে থাকা জনতাকে আশ্বস্ত করে বলেন, “আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। রাস্তাতেও আছি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তো তুলেই ছাড়ব, আজ না হোক কাল।” পাশাপাশি রাজ্যের একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়েও এদিনের সভা থেকে কথা বলেন তিনি।
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের পিংলায় কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠে মঙ্গলবার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবং কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া এবং পিংলা কেন্দ্রের প্রার্থী অজিত মাইতির সমর্থনে এই সভার আয়োজন করা হয়।





