মঙ্গলবার কোচবিহারের নাটাবাড়ির জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়ার নামে বেআইনিভাবে ২৭ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ১০ লক্ষের বেশি হিন্দু বাঙালির নাম রয়েছে।
তিনি জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ নাম যাচাইয়ের আওতায় ছিল। এর মধ্যে নির্বাচন কমিশন প্রথম দফায় প্রায় ৩৩ লক্ষ নাম পুনরায় তালিকাভুক্ত করলেও, বাদ পড়েছে ২৭ লক্ষের বেশি নাম। তৃণমূলের অভিযোগ, এই প্রক্রিয়াকে হাতিয়ার করে বহু বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হয়েছে।
সভা থেকে অভিষেক বলেন, এই লড়াই এখন “অনাচার বনাম উন্নয়ন, অবহেলা বনাম সম্মান এবং শোষণ বনাম আত্মসম্মানের লড়াই।” তিনি সকল সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে বলেন, বাংলায় কেউ বঞ্চিত হবেন না এবং ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সকলের ভোটাধিকার ফিরিয়ে দেবেন। অভিষেকের কথায়, “অবৈধ ভাবে যাঁদের নাম বিজেপি কেটেছে, যে ২৭ লক্ষ নাম আন্ডার অ্যাজুডিকেশনের নামে অবৈধ ভাবে কাটা হয়েছে, তার মধ্যে ১০ লক্ষের বেশি হিন্দু বাঙালির নাম রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, যে সম্প্রদায়েরই হোন, এই বাংলা সবার। দলমত নির্বিশেষে আগামিদিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মৌলিক অধিকার, ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমাদের টাকা আটকেও আমাদের রুখতে পারেনি, আমাদের নাম কেটেও আমাদের রুখতে পারবে না। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের টাইট করতে পারবে না। বাংলা মাথা নত করতে জানে না।”
এছাড়াও তিনি অভিযোগ করেন, অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলার মানুষকে নোটিস পাঠিয়ে হয়রানি করা হচ্ছে এবং ‘বাংলাদেশি’ তকমা দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে।
রাজনৈতিক আক্রমণের সুর চড়িয়ে তিনি কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নীতিশ প্রামাণিক (Nisith Pramanik)-কে নিশানা করে বলেন, তিনি সাংসদ থাকাকালীন এলাকায় প্রায় অনুপস্থিত ছিলেন বলা চলে এবং সাধারণ মানুষের জন্য কোনও কাজ করেননি। একইভাবে নাটাবাড়ির বিদায়ী বিজেপি বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)-কেও ‘সুইচ অফ বিধায়ক’ বলে কটাক্ষ করেন অভিষেক। মিহিরকে কটাক্ষ করে তিনি বলেন “সব সময়ে মোবাইল ফোন বন্ধ। খালি ছবি তুলে সংবাদমাধ্যমে টিকে থাকা।”





