টেক অফের আগেই বিপত্তি দিল্লী ডিমাপুরগামী বিমানে। বিমানে থাকা এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে আগুন লেগে যাওয়ায় প্রায় বিমান যাত্রা দু’ঘণ্টা পিছিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান সংস্থা সূত্রে খবর, ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমান কর্মীদের তৎপরতায় আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭ – এ ঘটে এই বিপত্তি। দিল্লি থেকে নাগাল্যান্ডের ডিমাপুরের উদ্দেশ্যে বেলা ১২ টা ২৫ নাগাদ রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। তবে ওড়ার আগেই দেখা যায়, বিমানে থাকা এক যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে অনবরত ধোঁয়া বেরচ্ছে। নিমেষে আগুন ধরে যায় পাওয়ার ব্যাংকটিতে। এর জেরে নির্ধারিত সময়ের থেকে দু’ঘণ্টা পিছিয়ে যায় যাত্রা। এছাড়াও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, সমস্ত নিরাপত্তা পুনরায় খতিয়ে দেখে প্রায় বেলা আড়াইটা নাগাদ বিমানটি রওনা দেয় নিজ গন্তব্যে।ইন্ডিগো সূত্রে খবর, রবিবারে ঘটা ওই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়াও বিমানে থাকা সমস্ত কর্মী এবং যাত্রীরা নিরাপদে রয়েছেন। রবিবার বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ডিমাপুরে নিরাপদে অবতরণ করেছে বিমানটি।





