Header AD
Trending

পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, স্পষ্ট করল বিদেশ মন্ত্রক

passport

ভ্রমণ নথি হিসেবেই পাসপোর্টের স্বীকৃতি, সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে নয় নাগরিকত্বের প্রমাণ হিসেবেপাসপোর্টকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যাবে না— এই মর্মে স্পষ্ট বার্তা দিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। পাসপোর্টের ভিত্তিতে সরকারি সুযোগ-সুবিধা পাওয়া বা নাগরিকত্ব প্রমাণ করা যাবে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে যে সংশয় তৈরি হয়েছিল, তারই প্রেক্ষিতে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট মূলত একটি ভ্রমণ সংক্রান্ত নথি (ট্রাভেল ডকুমেন্ট), নাগরিকত্বের স্বতন্ত্র প্রমাণপত্র নয়।

এর আগে সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে আধার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না বলে উল্লেখ করা হয়েছিল। সেই আবহেই এবার পাসপোর্ট নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট হল।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত কয়েক বছরে দেশের পাসপোর্ট পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। একসময় পাসপোর্ট পেতে দীর্ঘ অপেক্ষা করতে হলেও এখন বহু ক্ষেত্রে মাত্র পাঁচ দিনের মধ্যেই পাসপোর্ট ইস্যু করা সম্ভব হচ্ছে। প্রযুক্তির ব্যবহার বাড়ায় পাসপোর্ট সেবা কেন্দ্রে আবেদনকারীদের সময়ও অনেক কমেছে। অধিকাংশ ক্ষেত্রেই ৪৫ মিনিটের কম সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

পাশাপাশি, দেশজুড়ে ধাপে ধাপে চালু করা হচ্ছে চিপ-সংযুক্ত ই-পাসপোর্ট। ২০২৫ সালের মে মাস থেকে ইস্যু হওয়া নতুন পাসপোর্টে ইলেকট্রনিক চিপ যুক্ত করা হচ্ছে, যেখানে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকবে। জালিয়াতি রোধ, নথির নিরাপত্তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিমানবন্দর ও সীমান্ত চেকপয়েন্টে দ্রুত যাচাইয়ের সুবিধার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৫৪৫টি পাসপোর্ট সেবা কেন্দ্র চালু রয়েছে। চলতি বছরের মধ্যেই আরও ২০টি নতুন কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রে অন্তত একটি করে পাসপোর্ট সেবা কেন্দ্র স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছে পরিষেবা পৌঁছে দিতে বিশেষ মোবাইল পাসপোর্ট ইউনিটও কাজ করছে।

সরকারি তথ্য অনুযায়ী, পরিষেবার পরিধি বাড়লেও এখনও দেশের মোট জনসংখ্যার মাত্র প্রায় ১০ শতাংশের হাতে পাসপোর্ট রয়েছে। তবে বিদেশে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ বৃদ্ধির কারণে পাসপোর্টের গুরুত্ব ক্রমশ বাড়ছে। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা ২৭টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। এছাড়া ৪৭টি দেশে ‘ভিসা অন অ্যারাইভাল’ এবং ৬৬টি দেশে ই-ভিসার সুবিধা পান ভারতীয় নাগরিকরা।