নির্বাচন কমিশন বাংলায় শুরু করেছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। ইতিমধ্যেই যা নিয়ে আতঙ্কের চিত্র ধরা পড়েছে জনসাধারণের মধ্যে। নাম বাদ পড়া নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে । এই পরিস্থিতির মধ্যেই বীরভূমের ইলামবাজারের আশপাশের বহু মানুষ ব্যাঙ্কে জমানো সমস্ত টাকা তুলে নিচ্ছেন। সকাল হলেই দেখা যাচ্ছে ব্যাঙ্কের সামনে লম্বা লাইন। রীতিমতো তাঁরা তড়িঘড়ি করেই টাকা তুলছেন। তাঁদের আশঙ্কা, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে। সেই আতঙ্ক থেকেই তাঁরা সঞ্চয় করা টাকা তুলে নিচ্ছেন ব্যাঙ্ক থেকে ।
সূত্রের খবর, কেবল একটি নির্দিষ্ট এলাকায় এমন ঘটনা ঘটছে তা নয়। ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড় এলাকা সংলগ্ন বাধপাড়া, নিচুপাড়া এবং আশপাশের গ্রামগুলিতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এসআইআর আতঙ্ক। বাড়ছে উদ্বেগ। সেই আতঙ্ক এবং উদ্বেগ থেকেই পরিবারের যাঁদের নামে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁরা দ্রুত সেই টাকা তুলে নিচ্ছেন। স্থানীয়দের দাবি, নাম বাদ যাওয়ার আশঙ্কা থেকেই টাকা তুলে নিচ্ছেন তাঁরা। এছাড়াও ভবিষ্যতের জন্য যেটুকু সঞ্চয় রয়েছে তাঁদের তা তুলে নেওয়াই নিরাপদ বলে মনে করছেন তাঁরা।
পূর্ববঙ্গ থেকে অনেক বছর আগে বহু মানুষ চলে এসে বসবাস শুরু করেন এই এলাকায়। পাশাপাশি ভোটার কার্ড-সহ সমস্ত নথিও রয়েছে তাঁদের। একাধিক নির্বাচনে ভোটও দিয়েছেন বাধপাড়া, নিচুপাড়া ও আশপাশের অঞ্চলের মানুষ। তবে ২০০২ সালের ভোটার তালিকায় কি তাঁদের নাম রয়েছে? এই বিষয়ে স্থানীয় মানুষজন এখনও নিশ্চিত নয়। সেই নিয়েই ধীরে ধীরে বাড়ছে আতঙ্ক-উদ্বেগ। একে অপরকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়েছে। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে স্থানীয় মানুষজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রশাসনের তরফে। তবে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও কাজ হচ্ছে না বলে দাবি জনসাধারণের।





