প্রথম দফার নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। এবারের নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই বিষয়ে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। এই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই কমিশনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর সামনে আসছে। পরিস্থিতি সামাল দিতে এবার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে কমিশন। শুধুমাত্র বাংলার ভোটকে সামনে রেখে চালু করা হয়েছে পৃথক টোল ফ্রি নম্বর। পাশাপাশি খোলা হয়েছে একটি বিশেষ ইমেল আইডিও, যেখানে ভোটাররা আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়েই কমিশন জানিয়েছিল, শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সেই লক্ষ্যেই নজিরবিহীনভাবে ভোটের অনেক আগেই বাংলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে তাদের রুটমার্চ। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নিজেও মাঠে নেমে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথাও শুনেছেন। পাশাপাশি নজিরবিহীনভাবে রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল ঘটিয়েছে কমিশন। যার প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।
তবুও অনেক সময় ভোটের আগে বা ভোটের দিন ভোটারদের ভয় দেখানো বা বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে। এই ধরনের অভিযোগ যাতে ভোটাররা দ্রুত ও সরাসরি নির্বাচন কমিশনের কাছে জানাতে পারেন, সেই উদ্দেশ্যেই চালু করা হয়েছে পৃথক একটি টোল ফ্রি নম্বর। নম্বরটি হল ১৮০০৩৪৫০০০৮ (18003450008)। এছাড়াও অভিযোগ জানানোর জন্য খোলা হয়েছে একটি বিশেষ ইমেল আইডিও wbfreeandfairpolls@gmail.com।
কমিশনের তরফে জানানো হয়েছে, এই নম্বরে ফোন করে ভোটাররা আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। হুমকি দেওয়া, ভয় দেখানো, মারধর কিংবা অন্য কোনও বিশৃঙ্খলার অভিযোগও এখানেই নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছে কমিশন। সোমবার থেকেই চালু হয়েছে এই নতুন নম্বরটি, যা ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত সক্রিয় থাকবে বলে স্পষ্ট করেছে কমিশন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে থেকেই একটি টোল ফ্রি নম্বর চালু রয়েছে। ভোটাররা ১৯৫০ নম্বরে ফোন করেও সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এবার বিশেষভাবে বাংলার ভোটকে সামনে রেখে আলাদা টোল ফ্রি নম্বর ও ইমেল আইডি চালু করলো কমিশন।





