“যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়েই খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে ভোটের পরে লাল কার্ড দেখতে হবে। তার পর এমন হবে যে সারাজীবন মাঠেই ঢুকতে পারবেন না।”রবিবার মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী জনসভা (Election Campaign)থেকে এই ভাষাতেই দলের একাংশকে সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।পাশাপাশি এদিনের সভা থেকে হুমায়ুন কবির ও অধীর চৌধুরিকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, “কংগ্রেস, সিপিএম ও হুমায়ুনকে ভোট দেওয়া মানেই বিজেপিকে সমর্থন করা।”
রবিবার নওদার তৃণমূল (Trinamool Congress) প্রার্থী সাইনা মুমতাজের সমর্থনে সভা করেন অভিষেক।সেখান থেকেই দলের মধ্যেকার কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাত করলে, ভোটের পরে তার ‘ব্যবস্থা’নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।এদিন তাঁর সভার আগেই দলীয় প্রার্থীকে নিয়ে দলের একাংশের ক্ষোভ ঘিরে অশান্তির সৃষ্টি হয়। সেই কথা অভিষেকের কানে যেতেই তিনি দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, “দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দল কিন্তু তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে।আর যদি কারও মনে হয়, প্রার্থীর সঙ্গে বিরোধ তৈরি হচ্ছে, তাহলে সে জেনে রাখবেন, নওদা আসনে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সবার উপর নজর থাকবে।”
প্রসঙ্গত, তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর নতুন দল গড়ে এবার নওদা এবং রেজিনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই নওদায় দাঁড়িয়ে অভিষেকের এ হেন বার্তা ‘তাৎপর্যপূর্ণ’ বলেই অভিমত অনেকের। নওদার সভা থেকে এদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং হুমায়ুনের নাম করে একযোগে নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, ‘‘অধীর চৌধুরী এবং হুমায়ুন কবীর কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেন। যে কেন্দ্রীয় সরকার এসআইআরের মাধ্যমে বিপুল সংখ্যক সংখ্যালঘুর নাম বাদ দিয়েছে। চ্যালেঞ্জ করছি, সংখ্যালঘুদের স্বার্থ দেখলে কেন্দ্রের নিরাপত্তা ছেড়ে দিন। রাজ্য সরকার আপনদের নিরাপত্তার ব্যবস্থা করবে।’’




