Header AD

ফোর্ট উইলিয়ামে আড়াই ঘণ্টা প্রধানমন্ত্রী, সেনার সঙ্গে আলোচনা

রবিবার রাতেই কলকাতা এসে পৌঁছন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে সেনা সম্মেলনে অংশ নেন তিনি। পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। আড়াই ঘণ্টা সেখানে ছিলেন প্রধানমন্ত্রী । এরপর দুপুর ২ টো নাগাদ কলকাতা থেকে আকাশপথে বিহারের উদ্দেশে রওনা দেন তিনি।
প্রসঙ্গত, সোমবার থেকে ফোর্ট উইলিয়মে শুরু হয়েছে তিন দিন ব্যাপী সেনা সম্মেলন। সেখানে যোগ দিতে রবিবার রাতেই শহরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার রাতেই তাঁর ২৪ গাড়ির কনভয় পৌঁছয় রাজভবনে। সেখানেই রাত্রিবাস করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কলকাতায় এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। এদিন সেনা সম্মেলনে হাজির ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান-সহ বাহিনীর তিন প্রধান-সহ শীর্ষকর্তারা। সূত্রের খবর, এই সম্মেলনে আগামী দু’বছরের সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাহিনীর সংস্কার, রূপান্তর ও পরিবর্তন নিয়ে কথা হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।