Header AD

স্কটিশচার্চ কলেজ হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

স্কটিশচার্চ কলেজের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক। গত ২৪ জানুয়ারি কলেজের হস্টেল থেকেই অচৈতন্য অবস্থায় তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরার বাসিন্দা ঋষিতা স্কটিশচার্চ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার জন্য কলকাতায় এসে কলেজের হস্টেলেই থাকতেন তিনি। ঘটনার দিন হস্টেলের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋষিতা। দ্রুত তাঁকে হস্টেলের সিক-রুমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে রাতের মধ্যেই তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রাথমিক চিকিৎসায় মৃতার পাকস্থলীতে সন্দেহজনক পদার্থের হদিশ মিলেছে বলে খবর।

এই ঘটনায় বড়তলা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, খাবারের সঙ্গে বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে শুধুমাত্র এই দিকেই সীমাবদ্ধ থাকছে না তদন্ত—ঘটনার অন্যান্য সম্ভাব্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি নখ ও রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। পূর্ণাঙ্গ ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পরই ঋষিতা বণিকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা।