পূর্ব ভারতে প্রথমবার মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপন করে এক যুবকের পা বাঁচানোর অসাধ্যসাধন করল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। জটিল এই অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে এবং তা সফলও হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত রোগী পর্যবেক্ষণে রয়েছেন।
রোগীর নাম রিজাউদ্দিন মণ্ডল, বাড়ি উত্তর ২৪ পরগনা। ২০২৩ সালে লরির ধাক্কায় মারাত্মক দুর্ঘটনায় তাঁর বাঁ পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফিমার বোন নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় লিগামেন্ট। দু’দফা অস্ত্রোপচার হলেও আশানুরূপ ফল মেলেনি। পরে হাঁটুর নীচ থেকে হাড়ের টুকরো ও টেন্ডন নিয়ে লিগামেন্ট পুনর্গঠন করা হলেও সেটিও ব্যর্থ হয়।
অবশেষে পরিস্থিতি এমন দাঁড়ায় যে পা কেটে ফেলার সম্ভাবনা তৈরি হয়। তখনই আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ চেন্নাই থেকে এক মৃত দাতার হাড় সংগ্রহের সিদ্ধান্ত নেয়। রাজ্য স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে সেই হাড় আনা হয়।
১৭ ফেব্রুয়ারি দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারের মাধ্যমে মৃত দাতার হাড় রিজাউদ্দিনের শরীরে প্রতিস্থাপন করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে তাঁকে আপাতত হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।





