লিও মেসিকে (Lionel Messi) ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অনিয়মের অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ওপর চাপ আরও বাড়ল। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পুলিশের কাছে হাজিরার জন্য অতিরিক্ত দুই সপ্তাহ সময় চাইলেও সেই আবেদন মঞ্জুর করেনি বিধাননগর পুলিশ। বরং তাঁকে আগামী সোমবার সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৭ মে। মেসি-সংক্রান্ত ‘গোট ট্যুর’ অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta) বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, অনুষ্ঠানের প্রায় ২২ হাজার টিকিট বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি, প্রতারণা, ভয় দেখানো এবং নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির মতো একাধিক গুরুতর অভিযোগও তোলা হয়েছে।
শতদ্রুর দাবি, প্রভাব খাটিয়ে অরূপ বিশ্বাস অনুষ্ঠানে বিশেষ সুবিধা নিয়েছিলেন। এমনকী প্রয়োজনীয় অনুমতি ছাড়াই তিনি ফুটবল তারকা মেসির খুব কাছে পৌঁছে যান এবং তাঁর সঙ্গে অনভিপ্রেত আচরণও করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে অরূপকে প্রথমে ৪ জুন থানায় হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অরূপ সময় চান। তবে পুলিশ সেই আবেদন গ্রহণ না করে ফের নতুন নোটিশ জারি করে ৮ জুন হাজিরার নির্দেশ দিয়েছে।
এরই মধ্যে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অরূপ বিশ্বাস, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। পরে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ৯ জুন।
হাই কোর্টের শুনানির একদিন আগেই পুলিশের তলব ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সোমবার তিনি থানায় হাজিরা দেন কি না এবং তদন্তে পুলিশ পরবর্তী কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সবার।





