আজকের দ্রুতগতির জীবনে মানুষ সবকিছুতেই সহজ রাস্তা খুঁজছে। কম সময়ে বেশি সাফল্য, দ্রুত সুখ, তাড়াতাড়ি প্রাপ্তি। কিন্তু এই শর্টকাটের দৌড়ে স্থায়ী উন্নতির বদলে বাড়ছে মানসিক চাপ, ক্লান্তি ও হতাশা। অন্যদিকে ব্যক্তিস্বার্থ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে নানা জায়গায় উসকে দেওয়া হচ্ছে ধর্মীয় বিভাজনও। এই দুই সামাজিক বাস্তবতাকে সামনে রেখে তৈরি হয়েছে দুটি নাটক— ‘শিব মন্দির’ এবং ‘বৃষ্টি এল’। আগামী ২৩ মে তপন থিয়েটারে (Tapan Theater) নাটক দুটি দর্শকদের সামনে তুলে ধরা হবে। ‘শিব মন্দির’ লিখেছেন শুভংকর চক্রবর্তী এবং ‘বৃষ্টি এল’নাটকটির রচয়িতা স্বপন দাস।

এই দুই প্রযোজনার অন্যতম বড় আকর্ষণ টলিউডের জনপ্রিয় চরিত্রাভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর উপস্থিতি। ব্যস্ত অভিনয় সূচির মাঝেও ‘শিব মন্দির’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য সময় বের করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ কুণালজিৎ এই দুই নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু করতে চলেছেন। অভিনয়েও তাঁকে দেখা যাবে দুই নাটকেই। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শুভ্রা রূপা, অমিত রায়-সহ আরও অনেকে। প্রযোজনার দায়িত্বে রয়েছে রেড কলস এন্টারটেইনমেন্ট। মঞ্চসজ্জায় অজিত রায়, আলোক পরিকল্পনায় সৈকত মান্না, আবহসংগীতে পার্থ ডি মিত্র এবং সামগ্রিক ব্যবস্থাপনায় রয়েছেন শুভ্রা রূপা দত্ত।
মানবতা, সম্প্রীতি ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে এই জোড়া নাট্যপ্রযোজনা যে দর্শকের মনে আলাদা ছাপ ফেলবে, সেই প্রত্যাশাই এখন নাট্যপ্রেমীদের।





