SIR শুনানির প্রতিবাদে উত্তাল গোটা বাংলা। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ , পূর্ব হোক বা পশ্চিম সর্বত্রই একই চিত্র। বিক্ষভে শামিল ভোটাররা। হয়রানির প্রতিবাদে জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে চলছে পথ অবরোধ।কারও অভিযোগ, সব নথি থাকা সত্ত্বেও ডাকা হচ্ছে। কেউ আবার অভিযোগ করছেন, মুসলিম হওয়ায় হেনস্তা হতে হচ্ছে!এরমধ্যেই মালদায় নজিরবিহীন ঘটনা- নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে হাজির নাতি।
গত অক্টোবরে রাজ্যে এসআইআর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সময় থেকেই রাজ্য রাজনীতি কার্যত উত্তপ্ত। অপরিকল্পিত এসআইআর-এর প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের শাসকদল । এই আবহেই এন্যুমারেশন ফর্ম পূরণ ও জমা দেওয়ার পর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এখন চলছে শুনানি পর্ব। নথিতে সামান্য অসংগতি থাকলেও ডাক পড়ছে শুনানিতে। অসুস্থ, শারীরিক ভাবে অক্ষম থেকে বৃদ্ধ-বৃদ্ধা, কাউকেই ছাড় দিচ্ছে না কমিশন। যা নিয়েও একাধিকবার সরব হয়েছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিকবার চিঠি লিখেছেন। এসবের মাঝে শুনানির নামে হেনস্তার প্রতিবাদে পথে নেমেছে আমজনতা।
মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট, পোলবা এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। একের পর এক জ্বালানো হয় টায়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামে পুলিশ। তাঁদের সামনেও চলে বিক্ষোভ। পাশাপাশি বিক্ষোভ চলছে উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, মালদহ জেলার বিভিন্ন এলাকায়। পূর্ব মেদিনীপুরের হলদিয়া দেভোগ গ্রাম পঞ্চায়েতে মনোহরপুরের ২৬৯ নম্বর বুথের ১২৪৮ ভোটারের মধ্যে প্রায় ৬৫০ জনই শুনানির নোটিস পেয়েছে। যার মধ্যে সংখ্যালঘু রয়েছে ৬৩০ জন। এরই প্রতিবাদে সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বিক্ষুব্ধদের মধ্যে একজন দাবি করেন, “বেছে বেছে মুসলিমদেরই শুনানির নামে হেনস্তা করা হচ্ছে। ” অবিলম্বে কমিশন পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলেনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুদ্ধরা।
এদিকে এসআইআর শুনানিতে দাদুর কবরের মাটি এনে প্রতিবাদ মালদহের যুবকের। সোমবার বেনজির এই ঘটনাটি ঘটে মালদহের হরিশ্চন্দ্রপুরে। শুনানি কেন্দ্রে গিয়ে তাঁর দাবি, “দাদুর কবরের মাটি এনেছি, ব্যাগভর্তি মাটি। এটাই নাগরিকত্বের প্রমাণ।” যুবক দাবি করেছেন, শুনানির জন্য তাঁদের গোটা পরিবারকে নোটিস ধরানো হয়েছে। কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি করা হচ্ছিল। তারই প্রতিবাদে এবার দাদুর কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হলেন যুবক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।





