Header AD
Trending

তোলাবাজির মামলায় ধৃত সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ, ডিম-টমেটো-গোবর ছুড়ল জনতা

Sabyasachi arrest

তোলাবাজি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) আদালতে নিয়ে যাওয়ার পথে তীব্র জনরোষের মুখে পড়তে হল। মঙ্গলবার সকালে বিধাননগর উত্তর থানার সামনে জড়ো হওয়া বিক্ষুব্ধ মানুষ তাঁর উদ্দেশে ডিম, পচা টমেটো এবং গোবর নিক্ষেপ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। আদালত চত্বরে পৌঁছনোর পরও তাঁর বিরুদ্ধে ‘চোর’ ও ‘তোলাবাজ’ স্লোগান ওঠে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়। তদন্তে নেমে সোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছি এলাকার একটি আবাসনে অভিযান চালিয়ে সব্যসাচীকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার সকালে তাঁকে আদালতে তোলার জন্য থানার বাইরে আনা হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ উগরে দেন। তাঁদের হাতে ছিল ডিম, পচা টমেটো ও গোবর। মুহূর্তের মধ্যেই সেগুলি ছুড়ে মারা হয় ধৃত নেতার দিকে। ফলে তাঁর পোশাক নোংরা হয়ে যায়। পরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে এবং তিনি প্রতিহিংসার শিকার।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হওয়া নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভও প্রকাশ্যে আসছে। সেই আবহেই সব্যসাচী দত্তকে ঘিরে এই বিক্ষোভ নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, সব্যসাচী দত্ত ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে আবার তৃণমূলে ফিরে এসে ২০২২ সালে বিধাননগর পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন এবং পুরবোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। এরপর তাঁকে জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল।