বিষাক্ত কাশির সিরাপ ( Cough Syrup) ‘কোল্ডরিফ’ ব্যবহার করার ফলে মধ্যপ্রদেশ সহ রাজস্থানে ১১টি শিশুর মৃত্যুতে নড়েচড়ে বসেছে গোটা দেশ। তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশের পর এবার ওই ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তপ্রদেশ সরকার। এই পরিস্থিতিতে মঙ্গলবার সিরাপ কাণ্ডে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন আইনজীবী বিশাল তিওয়ারি। তাঁর মূল দাবি, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত করা হোক। এরসঙ্গে তিনি আরও দাবি করেন, ‘বিষাক্ত’ এই কাশির সিরাপকে গোটা দেশ থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ওষুধের সমস্ত ব্যাচও প্রত্যাহার করে নেওয়া হোক।
মামলাকারীর বক্তব্য, কীভাবে এই নিম্নমানের ‘বিষাক্ত’ কাশির সিরাপের সরকারি অনুমোদন মিলল, তা খতিয়ে দেখা হোক। শুধু তাই নয়, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখা দরকার। তার জন্য কেন্দ্রকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। জাতীয় বিচার বিভাগীয় কমিশন বা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক। এই কমিটিতে ফার্মাকোলজি, টক্সিকোলজি এবং ওষুধ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির কথাও বলেন তিনি। নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার দাবিতে তিনি বলেন, রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা সম্পর্কিত সমস্ত এফআইআর এবং তদন্তভার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক।





