Header AD

রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষযাত্রা ‘মাঝারি মাপের সার্কাস’, ‘কিছু মানুষের হ্যাংলামি’! মীরের পোস্টে নতুন বিতণ্ডা

mir new conroversy

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee Death) শেষযাত্রাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। গত ২৪ ঘণ্টায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও রাজনৈতিক স্লোগান ও গান নিয়ে আপত্তি উঠেছে, আবার কোথাও রাজনীতিকদের উপস্থিতির বহর নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সোমবার বিকেলে বিজয়গড়ে প্রয়াত অভিনেতার বাসভবনের সামনে বিপুল জনসমাগম হয়। ইন্ডাস্ট্রির সহকর্মী, কলাকুশলী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। অভিনেতার মরদেহ বাইরে আনার সময় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, যা পরে নেটমাধ্যমে ভাইরাল হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন সঞ্চালক ও কৌতুক-অভিনেতা মীর আফসার আলি (Mir Afsar Ali)। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে রাজনীতিক, টলিউডের একাংশ এবং সাধারণ মানুষের আচরণের সমালোচনা করেন। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক দানা বাঁধে। তিনি ওই পোস্টে তিনটি পয়েন্ট তুলে ধরেছেন। গুণী ব্যক্তির মরদেহ নিয়ে রাজনৈতিক মাথা ও তাঁদের পায়ে বিক্রি হয়ে যাওয়া মানুষের হ্যাংলার চেনা ছবি, রাহুলের অভিনয়দক্ষতা নিয়ে কয়েকজনের এক্সপার্ট কমেন্ট এবং শেষ শ্রদ্ধা জানানোকে মাঝারি মাপের সার্কাস বলে কটাক্ষ করেন মীর।   

  

মীরের পোস্টের জবাবে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান একাংশ। বিশেষ করে বামপন্থী সমর্থকদের কেউ কেউ দাবি করেন, রাহুল বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিশ্বাস সুস্পষ্ট ছিল এবং সেই অনুযায়ী তাঁর শেষযাত্রায় লাল পতাকা ও স্লোগান থাকা স্বাভাবিক। আবার কেউ কেউ মীরের বক্তব্যের কড়া সমালোচনা করে তাঁর অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

সব মিলিয়ে, এক জনপ্রিয় অভিনেতার শেষ বিদায় ঘিরে শোকের আবহের মধ্যেই রাজনৈতিক ও সামাজিক বিতর্ক নতুন করে সামনে এসেছে।