মাত্র কয়েকদিন আগের কথা। তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুলের। সেই মর্মান্তিক ঘটনার রেশ এখনও কাটেনি। তারমধ্যেই ফের সমুদ্র সৈকতে দুর্ঘটনা। এবার পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল দুই তরুণ চিকিৎসকের। বুধবার গভীর রাতে সমুদ্র থেকে তাঁদের দেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। পেশায় চিকিৎসক। তাঁরা দুজনেই আরজিকর-এ কর্মরত ছিলেন। দু’জনেরই বয়স আনুমানিক ৩৫-এর মধ্যে । তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে সমুদ্রে ভাসতে থাকা দেহ দুটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর দেন মন্দারমণি কোস্টাল থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দুটি উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর। সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এর মধ্যেই আবার নিউ দিঘা-য় বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান দুই পর্যটক—সুনীল মুখোপাধ্যায় এবং তাঁর নাতনি। প্রবল ঢেউয়ে ভেসে গেলেও নুলিয়াদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তাঁরা। এবার তাজপুরে সমুদ্রস্নানে নেমে মৃত্যু হল দুই তরুণ চিকিৎসকের।
একাধিক দুর্ঘটনার জেরে সমুদ্রতীরবর্তী এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।





