রাজ্যের নতুন সরকারের তরফে জমি হস্তান্তরের পর ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে অভূতপূর্ব গতি এসেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জমি পাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই আটকে থাকা প্রকল্পের প্রায় ৪৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সীমান্ত সুরক্ষার স্বার্থে এই অগ্রগতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
দীর্ঘদিন ধরে জমি জট ও বিগত তৃণমূল সরকারের প্রশাসনিক জটিলতার কারণে সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ থমকে ছিল। অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্বেগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টও তৎকালীন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিল।
তবে নতুন বিজেপি সরকার নবান্নে বসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকার এর পক্ষ থেকে বিএসএফ-এর হাতে ২৭ কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি—যার মধ্যে ১৮ কিলোমিটার ফেন্সিং ও ৯ কিলোমিটার বর্ডার আউটপোস্ট (BOP)-এর জন্য হস্তান্তর করেনা। এছাড়া মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৬০ একরেরও বেশি জমি দ্রুত হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, বসিরহাট এবং উত্তর ২৪ পরগনার মতো অনুপ্রবেশ-প্রবণ ও উন্মুক্ত সীমান্ত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কাঁটাতার ও স্তম্ভ বসানোর কাজ চলছে। বিএসএফ-এর পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জমি পাওয়ার পর যেভাবে দ্রুতগতিতে কাজ এগিয়েছে, তাতে বাকি অংশের নির্মাণকাজও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। এই বেড়া নির্মাণ সম্পন্ন হলে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো বিএসএফ-এর এই রিপোর্ট সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন আশার আলো দেখাচ্ছে।





