Header AD

দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুথে পুনর্নির্বাচন, শনিবার ফের ভোটগ্রহণ

Repoll on saturday

দক্ষিণ ২৪ পরগনার একাধিক বুথে ভোটগ্রহণকে (Election in Bengal 2nd phase) কেন্দ্র করে ওঠা নানা অভিযোগের জেরে ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ECI)। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে আগামী ২ মে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় ভোটগ্রহণ হবে।

দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে একের পর এক অনিয়মের অভিযোগ জমা পড়ে কমিশনের কাছে। অভিযোগের মধ্যে ছিল ইভিএমে টেপ লাগানো, ইভিএমে সুগন্ধি পদার্থ ব্যবহার, এমনকি ভোটকেন্দ্রে ক্যামেরা ঢেকে দেওয়ার মতো ঘটনাও। এছাড়া ভোটারদের ওপর নজরদারি চালাতে জামার পকেটে স্পাই ক্যামেরা রাখার গুরুতর অভিযোগও উঠে এসেছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট এবং বজবজ—এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট জমা দেন। তিনি ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করলেও, আপাতত সেখানে পুনর্নির্বাচনের বিষয়ে কমিশন কোনও সিদ্ধান্ত জানায়নি।

কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের একাংশের দাবি, ভোটে শান্তি ও স্বচ্ছতা বজায় রাখতে আরও কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যদিকে শাসকদলের প্রশ্ন, এত নিরাপত্তা ও নজরদারির পরও কেন পুনর্নির্বাচনের প্রয়োজন পড়ল। সব মিলিয়ে শনিবারের পুনর্ভোটকে ঘিরে দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।