Header AD
Trending

পুজোয় অতিরিক্ত দায়িত্বের স্বীকৃতি! পুলিশ, হোমগার্ডদের জন্য ১০ দিনের বিশেষ ছুটির ঘোষণা রাজ্য সরকারের

Police extra holiday

দুর্গাপুজো ও অন্যান্য উৎসবের সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান না পুলিশ ও হোমগার্ডরা। দিনরাত নিরলস দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এবার তাঁদের জন্য বিশেষ ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫ সালের দুর্গাপুজো এবং বিভিন্ন সরকারি ছুটির দিনে অতিরিক্ত ডিউটি করা পুলিশ ও হোমগার্ড কর্মীদের জন্য ১০ দিনের অতিরিক্ত ছুটির ব্যবস্থা করা হয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের (পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা) জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই সুবিধা পাবেন রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলান্টিয়ার বাহিনীর সব স্তরের কর্মীরা। ঘোষিত ছুটির মধ্যে ৮ দিন থাকবে ক্যাজুয়াল লিভ এবং বাকি ২ দিন বিশেষ ছুটি হিসেবে গণ্য হবে।

সরকারি নির্দেশে জানানো হয়েছে, এই অতিরিক্ত ছুটি চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই ভোগ করতে হবে। তবে ছুটি নেওয়ার ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। এই ১০ দিনের ছুটি অন্য কোনও দীর্ঘমেয়াদি ছুটি বা স্থানীয় গেজেটেড ছুটির সঙ্গে মিলিয়ে ব্যবহার করা যাবে না।

জানা গিয়েছে, দুর্গাপুজো এবং অন্যান্য সরকারি ছুটির দিনে অন্তত সাত দিনের বেশি ডিউটি করেছেন এমন পুলিশ কর্মী ও হোমগার্ডরাই এই সুবিধার আওতায় আসবেন। উৎসবের সময় আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের অতিরিক্ত পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই এই বিশেষ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।