৪৪/৪৪এ রুটের বাস চলাচল ঘিরে তৈরি হওয়া দীর্ঘদিনের জটিলতায় অবশেষে হস্তক্ষেপ করল প্রশাসন। নবদিগন্ত শিল্পাঞ্চলে বাস পার্কিং সংক্রান্ত বিতর্ক মেটাতে উদ্যোগী হল নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (NKDA)। তাদের সিদ্ধান্তে ফের স্বাভাবিক হচ্ছে যাত্রী পরিষেবা।
১৩ ফেব্রুয়ারি জারি করা এক চিঠিতে এনকেডিএ জানায়, সিটি সাবার্বান বাস সার্ভিসেস পরিচালিত ৪৪/৪৪এ রুটের সর্বাধিক চারটি বাস প্রতিদিন নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের স্ট্রিট নম্বর ০৯-এ বিনা পার্কিং ফিতে দাঁড় করানো যাবে। এই মর্মে রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি, কলকাতা রিজিয়নের সচিবকে লিখিতভাবে জানানো হয়েছে।
উল্লেখ্য, পার্কিং ব্যবস্থাকে কেন্দ্র করে সিটি সাবার্বান বাস সার্ভিসেস ও একটি বেসরকারি সংস্থার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। তার জেরেই গত প্রায় দু’সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছিল ৪৪এ রুটের বাস পরিষেবা। এই রুটে সেক্টর ফাইভ থেকে হাওড়া পর্যন্ত প্রায় ৩০টি বাস চলাচল করে, ফলে যাত্রীদের ভোগান্তিও বাড়ছিল।
পরিস্থিতি সামাল দিতে বিধাননগর পুলিশ, এনকেডিএ এবং বাস ইউনিয়নের মধ্যে বৈঠক হয়। আলোচনার পরই প্রশাসনিকভাবে বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনারকেও। এনকেডিএর এই সিদ্ধান্তে আপাতত সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে। যদিও পরিস্থিতির পরিবর্তন হলে ভবিষ্যতে নতুন নির্দেশিকা জারি হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
সিটি সাবার্বান বাস সার্ভিসেসের তরফে টিটো সাহা বলেন, “আমরা আমাদের সমস্যার কথা প্রশাসনকে জানিয়েছিলাম। বাস পরিষেবা বন্ধ থাকলে সাধারণ মানুষের কতটা অসুবিধা হয়, তা সবাই বুঝেছেন। এনকেডিএ পার্কিংয়ের জায়গা দেওয়ায় এখন যাত্রী পরিষেবা দিতে আর বাধা থাকার কথা নয়।”





