মঙ্গলবার দুপুরে কলকাতার তপসিয়া (Topsia) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। জিজে খান রোডের ৫০/১ নম্বরের একটি পাঁচতলা বহুতলের দোতলায় প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সময় ভবনের ভিতরে কয়েক জন আটকে পড়েন। ধোঁয়া ও আগুনের তীব্রতায় বেরিয়ে আসতে না পেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দুপুর পৌনে ২টো নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ।
দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় কয়েক জনকে ন্যাশনাল মেডিক্যাল কপ্লেজ হাসপাতালে ( Calcutta National Medical College and Hospital) ভর্তি করা হলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেছেন। আরও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।
কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। আপাতত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কাজেই জোর দিচ্ছে দমকল। পরে ঘটনার তদন্ত করে আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল সূত্র।





