Header AD

TMC-র প্রবল আপত্তিতে ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল, নতুন প্যানেল চাইল নির্বাচন কমিশন

Satte politics

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে (Bhowanipore constituency) রিটার্নিং অফিসার নিয়োগকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে এই দায়িত্ব দেওয়া হলে তৃণমূল কংগ্রেস (TMC) তীব্র আপত্তি জানায়। শাসক দলের অভিযোগ, সুরজিৎ রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, ফলে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হয়। পরিস্থিতির প্রেক্ষিতে কমিশন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে চিঠি দিয়ে ভবানীপুরের জন্য উপযুক্ত তিনজন অফিসারের একটি প্যানেল পাঠানোর নির্দেশ দেয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সেই প্যানেল কমিশনের কাছে পাঠানো হয়েছে।

রিটার্নিং অফিসার পদে সুরজিৎ রায়ের নিয়োগ ঘিরে প্রশ্ন ওঠার পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও নানা মহলে আলোচনা শুরু হয়েছে। সাধারণভাবে, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার থাকেন, যিনি মনোনয়ন গ্রহণ থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়, ২৪ তারিখে তৃণমূল কংগ্রেস ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। এরপরই নতুন করে প্যানেল চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে, রাজ্যকে না জানিয়ে আগের সিদ্ধান্ত নেওয়ায় মুখ্যমন্ত্রীর আপত্তির জেরেই এবার আলোচনার মাধ্যমে পদক্ষেপ নিতে চাইছে কমিশন।

উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষেত্র এবং তিনি এবারের নির্বাচনেও এই কেন্দ্র থেকে প্রার্থী। অন্যদিকে, শুভেন্দু অধিকারীও (Shuvendu Adhikari) নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।