Header AD

RGKar লিফট দুর্ঘটনা: মদ্যপ অবস্থায় ডিউটিতে থাকা লিফটম্যানদের গাফিলতিতে মৃত্যু, চাঞ্চল্যকর তথ্য তদন্তে

R G Kar incident

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RGKar lift incident) লিফট বিপর্যয়ের ঘটনায় মৃত্যু ঘিরে তদন্তে উঠে এসেছে গুরুতর গাফিলতির অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ধৃত তিন লিফটম্যানই ডিউটিতে থাকার সময় মদ্যপ অবস্থায় ছিলেন। তদন্তে জানা যায়, ঘটনার দিন অর্থাৎ ১৯ মার্চ সন্ধ্যার পর থেকেই ওই তিন লিফটম্যান বাইরে বিভিন্ন জায়গায় মদ্যপান করেন। পরে রাত প্রায় দশটা নাগাদ তারা হাসপাতালে ডিউটিতে যোগ দেন। যদিও খাতায়-কলমে তারা দায়িত্ব নিলেও, সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত বারোটা পর্যন্ত তারা লিফটের ভেতরে না থেকে আশপাশে ঘোরাফেরা করছিলেন। এরপর রাত বারোটার পর তাদের আর লিফটের কাছে দেখা যায়নি।

পুলিশের জেরায় ধৃতদের মধ্যে অন্তত দু’জন স্বীকার করেছেন যে তারা এতটাই মদ্যপান করেছিলেন যে কাজ করার মতো অবস্থায় ছিলেন না এবং ঘুমিয়ে পড়েন। অপর একজন সাততলার একটি ঘরে বসে মোবাইলে গান শুনছিলেন বলে জানা গিয়েছে।

এদিকে, ভোররাতে নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে ট্রমা কেয়ারের একটি লিফটে বিপর্যয়ের মুখে পড়েন। তাঁদের পরিবারের সদস্যদের আর্তনাদ সত্ত্বেও লিফটম্যানরা সাড়া দেননি। অভিযোগ, সামান্য উদ্যোগ নিলেই—যেমন লিফটের তালা ভেঙে বেসমেন্টে পৌঁছনো—অনেক আগেই তাঁদের উদ্ধার করা সম্ভব ছিল। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছেন যে নিয়মিতভাবেই তারা এবং হাসপাতালের অন্য লিফটম্যানরাও মদ্যপ অবস্থায় ডিউটিতে আসতেন।

বর্তমানে লালবাজারের গোয়েন্দারা প্রায় ৭০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। পাশাপাশি, ওই লিফটম্যানরা কোথায় কোথায় মদ্যপান করেছিলেন এবং ঘটনার সময় তাদের অবস্থান কী ছিল, তা মোবাইলের তথ্যের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।