Header AD

NOC পেলেন না স্বপ্না বর্মণ! মনোনয়নের আগে রেলকে কারণ দর্শানোর নির্দেশ হাইকোর্টের

swapna burman

দুয়ারে বিধানসভা নির্বাচন। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে এশিয়াডে স্বর্ণজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণকে (Swapna Barman)। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার আগেই রেলের চাকরি ঘিরে জটিলতায় পড়েছেন তিনি, যার জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। স্বপ্না বর্মনের (Swapna Barman) ইস্তফা নিয়ে জটিলতা সংক্রান্ত মামলায় সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে হবে রেলকে। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্টিক বেঞ্চ।

এশিয়ান গেমসে সোনা জয়ের পর ২০২০ সালে ভারতীয় রেল (Indian Railways)-এর আলিপুরদুয়ার ডিভিশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদে চাকরি পান স্বপ্না। সম্প্রতি তিনি তৃণমূলে (All India Trinamool Congress) যোগ দেন। তবে চাকরিতে বহাল থাকাকালীন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় গত ৯ মার্চ রেলের তরফে শোকজ নোটিস দেওয়া হয় তাঁকে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে।

এরই মধ্যে রাজগঞ্জ আসনে তাঁকে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। যদিও তার আগেই তিনি রেলের কাছে ইস্তফাপত্র জমা দেন। কিন্তু এখনও পর্যন্ত সেই ইস্তফা গৃহীত হয়নি এবং তাঁকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) দেওয়া হয়নি বলে খবর। ফলে স্বপ্নার নির্বাচনে মনোনয়ন দাখিল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এই পরিস্থিতিতে তিনি মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আদালত প্রথমে রেলের কাছে রিপোর্ট চায়। শুক্রবার সেই রিপোর্ট জমা পড়ার পর বিচারপতি নির্দেশ দেন, আগামী সোমবারের মধ্যে স্বপ্নার ইস্তফা বিষয়ে রেলকে তাদের স্পষ্ট অবস্থান জানাতে হবে।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মচারীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তাই রেলের অনুমতি বা এনওসি না মিললে স্বপ্না বর্মনের প্রার্থী পদ জটিলতার মুখে পড়তে পারে।