রাজ্যে নতুন সরকার গঠনের আবহে পুরুলিয়ায় BJPর এক স্থানীয় নেতার রহস্যমৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাতভর নিখোঁজ থাকার পর শনিবার সকালে কানালি গ্রাম থেকে উদ্ধার হয় বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ হাবুলাল গোপের দেহ। প্রাথমিকভাবে ঘটনাটি ঘিরে খুনের আশঙ্কা প্রকাশ করেছে তাঁর পরিবার ও দলের একাংশ, যদিও পুলিশ এখনও তদন্তের রিপোর্টের অপেক্ষায়।
মৃত হাবুলাল গোপ (৪৫) আড়শা থানার বেলডি এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে বিজেপির সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় তিনি কানালি গ্রামে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ বা নেটওয়ার্কের বাইরে ছিল বলে জানা যায়।
শনিবার সকালে গ্রামের এক প্রান্ত থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, মৃতদেহের মুখে রক্তের দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল, যা দেখে তাঁদের সন্দেহ এটি স্বাভাবিক মৃত্যু নয়। জয়পুরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ মাহাতো কলকাতায় শপথগ্রহণ অনুষ্ঠানে থাকলেও ফোনে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজ নেন।
অন্যদিকে, জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে স্পষ্ট কোনও ক্ষতচিহ্ন মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। ঠিক যে দিন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শপথ নিতে চলেছেন, সেই দিনই দলের এক নেতার অস্বাভাবিক মৃত্যু রাজনৈতিক মহলেও নতুন করে প্রশ্ন তুলেছে।





