Header AD
Trending

পুজোর বক্স অফিসে শিবপ্রসাদ বনাম যিশু! এক ছবিতে ডবল ধামাকার প্রস্তুতি

চব্বিশের পুজোয় বক্স অফিসে কার্যত নির্ণায়কের ভূমিকা নিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Nandita Roy-Shiboprasad Mukherjee) ছবি‘বহুরূপী’। বাংলার সীমানা ছাপিয়ে দেশের নানা রাজ্য ও আন্তর্জাতিক স্ক্রিনিংয়েও যে চরিত্রটি দর্শকের মন কেড়ে নিয়েছিল, সে ছ্যাঁচড়াপুরের কোনও ‘ছিচকে’ ডাকাত নয়—বরং ভালোবেসে ডাকাতি করা বিক্রম। দু’বছর পর আবারও পুজোর ময়দান কাঁপাতে সদলবলে আসছে সেই বহুরূপীর দল। তবে এবার খেলা আরও বড়, ডাকাতিও আরও জোরদার হতে চলেছে।

বৃহস্পতিবার উইন্ডোজের (Windows Production) তরফে যিশু বনাম শিবপ্রসাদের মুখোমুখি লড়াইয়েড় খবর ঘোষণা করা হল। এই লড়াই যে রুপোলি পর্দায় আলাদা উত্তাপ ছড়াবে, তা বলাই বাহুল্য। পঁচিশ বছর ধরে বাংলা ছবির ভাঁড়ার সমৃদ্ধ করা প্রযোজক-পরিচালক জুটি নন্দিতা-শিবপ্রসাদ যে এবারও একগুচ্ছ ‘সিনে-চমক’ সাজিয়ে রেখেছেন, তার আভাস মিলেছিল গত ডিসেম্বরেই। সেই তালিকার অন্যতম আকর্ষণ ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। এবার ছবিতে জুটি বাঁধছেন শিবপ্রসাদ- কৌশানি । চব্বিশের পুজোয় কৌশানি মুখোপাধ্যায় ও শিবপ্রসাদের ‘ছকভাঙা’ জুটি দর্শকমনে দাগ কেটেছিল। ঝিমলি–বিক্রমের দুষ্টু-মিষ্টি রসায়ন, বুদ্ধিদীপ্ত ডাকাতির স্ট্র্যাটেজি—সব মিলিয়ে হাসি আর মুগ্ধতা একসঙ্গে পেয়েছিলেন দর্শক। সেই ভালোবাসাকেই পাথেয় করে সিক্যুয়েলেও ফিরছে এই জনপ্রিয় জুটি। ‘দেশু’ জুটি যখন তাঁদের আগামী ছবির আগাম টিকিট নয় মাস আগে বিক্রি শুরু করল ঠিক সেই দিনই পুজোর বক্স অফিসে ডাকাতির কথা জানাল শিবপ্রসাদ- নন্দিতার উইন্ডোজ।

তবে ‘বহুরূপী’র সিক্যুয়েলের সবচেয়ে বড় সারপ্রাইজ নিঃসন্দেহে যিশু সেনগুপ্ত। প্রথম পর্বে আবির চট্টোপাধ্যায়ের জায়গায় এবার শিবপ্রসাদ অভিনীত বিক্রম চরিত্রটির বিপরীতে দাঁড়াচ্ছেন তিনি। চরিত্রের খোলস এখনই খুলতে নারাজ নির্মাতারা, তবে ইঙ্গিত স্পষ্ট—দর্শকের জন্য অপেক্ষা করছে বড় টুইস্ট। ‘পোস্ত’, ‘বাবা বেবি ও’–র পর ফের নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে যিশু—এতেই উত্তেজনা তুঙ্গে। আগামী মার্চ–এপ্রিল জুড়ে বাংলার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা।

ছবির সংগীতের ভাঁড়ারও থাকছে সমৃদ্ধ—ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, অনুপম রায়, অর্ণব দত্ত, শিলাজিৎ মজুমদারের মতো শিল্পীদের গানে ছবির আবহ আরও প্রাণবন্ত হবে বলেই খবর। সব মিলিয়ে, পুজোর আগে থেকেই উত্তেজনার পারদ চড়ছে। প্রশ্ন একটাই—‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ কি আগের সাফল্যকেও ছাপিয়ে যেতে পারবে?