Header AD
Trending

SIR সমন সৌমিতৃষার পুরো পরিবারকে! কমিশনের উপর ক্ষুব্ধ টেলিভিশনের ‘মিঠাই’

নথিপত্র জমায় কোনও ভুলত্রুটি ছিল না। তবুও SIR শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাঁর গোটা পরিবারকে। এমনই অভিযোগ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu)। এসআইআর প্রক্রিয়ায় তাঁর নামের বানান ভুল করা হয়েছে, তাঁর বাবাও একই সমস্যার মুখোমুখি। যদিও এসআইআর প্রক্রিয়ায় আপত্তি নেই অভিনেত্রীর, তবে ভোটের মুখে আমজনতার হয়রানিতে ক্ষুব্ধ টেলি দর্শকদের আদরের ‘মিঠাই’ (Mithai)। আগামী ২০ জানুয়ারি শুনানির জন্য ডাক পেয়েছেন অভিনেত্রী।

এসআইআর শুনানিতে কেন ডাক পড়ল সৌমিতৃষার? সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন “আমার বয়স অনুযায়ী ২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম থাকার কথা নয়। কিন্তু আমার মা-বাবার নাম রয়েছে। আমার নথিতে কোনও ভুল নেই। তবে ওদের কাছে যে তালিকা রয়েছে, সেটায় আমার নথিতে আমার বাবার নামের বানান ভুল করা হয়েছে।”  কমিশন বারবার  নির্দেশিকা বদলানোতেও ক্ষুব্ধ অভিনেত্রী। তাঁর কথায়, “ প্রথমে আমাকে জানানো হয়েছিল প্রমাণস্বরূপ যে কোনও নথি জমা দিলেই হবে। কিন্তু পরে জানানো হয় মাধ্যমিকের ডকুমেন্ট দিয়ে কাজ হবে না। ছিল। ওদের তালিকায় যেহেতু ভুল রয়েছে, তাই চারদিনের নোটিসে আমাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন আমার অন্যান্য কাজ ছিল। সেসব ছেড়ে এখন আমাকে ছুটতে হবে।“  

প্রবীণ নাগরিকদের হয়রানি নিয়েও উদ্বিগ্ন সৌমিতৃষা। তিনি বলেন, “এ বার বুঝতে পারছি, কেন প্রবীণ নাগরিকেরা অসুস্থ হয়ে পড়ছেন। আমার না হয় বয়স অল্প। কিন্তু যাঁরা প্রবীণ, যাঁরা বয়সের ভারে শারীরিকভাবে দুর্বল বা যাঁদের সেরকম আর্থিক স্বচ্ছলতা নেই, তাঁদের দফায় দফায় অটো-টোটো ভাড়া করে যেভাবে যেতে হচ্ছে, লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, সেটা তো হয়রানি। নির্বাচন কমিশনের উচিত ছিল নথি যাচাইয়ের জন্য প্রবীণ নাগরিকদের  বাড়িতে লোক পাঠানো। তাহলে তাঁরা এত আতঙ্কিত হয়ে পড়তেন না।”