Header AD
Trending

ফের রাজ্যে SIR-এর বলি! ‘বিচারাধীন’ তালিকায় নাম, আতঙ্কে আত্মঘাতী বাদুড়িয়ার যুবক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বঙ্গে মৃত্যু মিছিল শুরু হয়েছে। এবার বাংলায় এসআইআর আতঙ্কে বলি আরও এক। ভোটার তালিকায় ‘বিচারাধীন’ হিসাবে নাম ছিল বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ায় বাসিন্দা ইসমাইল মোল্লার। ভোট ঘোষণা হয়ে গেলেও ভোটার তালিকায় নাম উঠলো না। তাই আতঙ্কে ভুগছিলেন ইসমাইল। আদৌ ভোট দিতে পারবেন কি? তাড়া করছিল সেই প্রশ্ন। অভিযোগ সেই আতঙ্কেই আত্মহত্যা করছেন ইসমাইল। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিবার অভিযোগের আঙুল তুলেছে কমিশনের দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি বাইরে বেরিয়েছিলেন। পরে জানতে পারেন, শুক্রবার অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে। সেই খবর পাওয়ার পরই বাড়ি ফিরে আসেন। পরিবারের অভিযোগ, বাড়িতে ফিরে স্বাভাবিকভাবেই ছেলেদের সঙ্গে কথা বলেন, তাঁদের আদরও করেন। তারপর নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ইসমাইলের দুই ছেলে—একজনের বয়স আট বছর, অন্যজনের বয়স মাত্র দেড় বছর। পরিবারের দাবি, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও নাম ‘বিচারাধীন’ থাকায় তিনি প্রবল মানসিক চাপে ছিলেন। সেই চাপেই শেষ পর্যন্ত এই চরম সিদ্ধান্তে দিকে ঠেলে দেয়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়া এবং তা ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মৃতের এক আত্মীয়ের দাবি, ‘‘গতকাল, বুধবার রাতে নমাজ পড়ে মসজিদ থেকে ফেরার পরও এ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন তিনি। বার বার বলছিলেন সমস্যার সমাধান না-হলে আত্মহত্যা করব। কিন্তু আজই যে এমন করবেন, তা ভাবতে পারিনি।’’ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরাই ঘর থেকে ইসমাইলের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দেহ প্রথমে রুদ্রপুর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই দেহ ময়নাতদন্ত হয়।

নির্বাচন কমিশনের অপরিকল্পিত SIR প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল। রাজ্যের শাসক দল বারবার অভিযোগ করেছে, বিজেপির নির্দেশে কাজ করছে নির্বাচন কমিশন। SIR-র নামে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার পাশাপাশি বিচারাধীনের তালিকাটাও দীর্ঘ, যা ঘিরে আম ভোটারদের গ্রাস করেছে আতঙ্ক। ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়েছে এবং রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারেও নেমে পড়েছে। বিচারাধীন তালিকায় নাম থাকা মানুষেরা এখনও আতঙ্কের প্রহর গুনছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে রাজ্যে ইতিমধ্যেই প্রায় ২০০ জনের মৃত্যুর খবর এসেছে। কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ আতঙ্কে মারা গিয়েছেন, BLO-রা কাজের চাপে রোগাক্রান্ত হয়েছে মারা গিয়েছেন, এমন নানান অভিযোগ উঠেছে। কমিশনের বিরুদ্ধে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে আন্দোলন করেছেন, আবার আদালতে মামলাও লড়েছেন।