বুধবার সকালে শিলিগুড়ি টাউন স্টেশনে দার্জিলিংগামী টয় ট্রেনকে ঘিরে হঠাৎই চাঞ্চল্য ছড়ায়। স্টেশনে ঢোকার সময় ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ওই ট্রেনে যাত্রীদের অধিকাংশই ছিলেন পর্যটক।
প্রত্যক্ষদর্শীদের মতে, টাউন স্টেশনের মুখে ট্রেনটি থামানো হয়। অল্প সময়ের মধ্যেই রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত ইঞ্জিন থেকে সংশ্লিষ্ট কামরাটি আলাদা করে দেওয়া হয়। ইঞ্জিনটিকে কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে থামানো হয় এবং ওই কামরার যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পাশাপাশি, অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়।
যদিও ধোঁয়া দেখা গেলেও, সেই মুহূর্তে তার নির্দিষ্ট উৎস চিহ্নিত করা সম্ভব হয়নি। রেল সূত্রে জানা গিয়েছে, যে কামরা থেকে ধোঁয়া বেরোচ্ছিল, সেখানে চার জন যাত্রী ছিলেন এবং তাঁরা সকলেই দার্জিলিং যাচ্ছিলেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধূমপানের কারণেই এই ধোঁয়ার ঘটনা ঘটে থাকতে পারে। তবে বৈদ্যুতিক ত্রুটি বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রায় দশ মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং টয় ট্রেনটি ফের দার্জিলিঙের উদ্দেশে যাত্রা শুরু করে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে, ‘একটি কামরায় ধোঁয়া দেখা গেলেও কোথাও আগুন লাগেনি। এটি ‘ম্যান মেড’ ধোঁয়া হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’





