Header AD
Trending

সৌর বিকিরণের ফলে ব্যাঘাত ঘটবে বিমান পরিষেবায় ! বিবৃতি দিয়ে জানাল দেশের তিন বিমান সংস্থা

Air India Marijuana

বিমান পরিষেবায় ব্যাঘাত। সৌর বিকিরণের ফলে দেশ জুড়ে সমস্যা দেখা দিতে পারে বিমান পরিষেবায়। একযোগে বিবৃতি দিয়ে জানাল দেশের তিন বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই সংস্থাগুলির অনেক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়তে পারে বলে জানিয়েছে। কিছু বিমানের সময় পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। এমনকি, পরিস্থিতি বুঝে বেশ কিছু বিমান বাতিলও করা হতে পারে। সম্ভাব্য সমস্যার কথা জানিয়ে আগে থেকেই তিন সংস্থা যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে।

সৌর বিকিরণের কথা জানিয়ে আগেই সতর্কতা জারি করেছিল বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস। ভারতের তিন সংস্থাই অধিকাংশ ক্ষেত্রে এয়ারবাসের বিমান ব্যবহার করে। সংবাদসংস্থা সূত্রে খবর, দেশের অন্তত ২০০-২৫০টি বিমানে সমস্যা হতে পারে। ফলে অভ্যন্তরীণ বিমান চলাচল নিয়ন্ত্রণে আগামী কয়েক দিন ব্যাপক গোলমালের সম্ভাবনা রয়েছে।

সৌর বিকিরণের ফলে বিমান চলাচলে কী সমস্যা দেখা দিতে পারে? এয়ারবাস জানিয়েছে,  তাদের এ৩২০-ফ্যামিলি জেটগুলিতে যে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহৃত হয়, তার তথ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট বিমানগুলিকে পরীক্ষার জন্য পাঠানো দরকার। বিমানের সফ্‌টঅয়্যার আপডেট এবং হার্ডঅয়্যারের পুনর্বিন্যাস করা দরকার বলেও জানিয়ে দেয় সংস্থা। সম্প্রতি বিদেশে এয়ারবাসের একটি বিমানে এই ধরনের সমস্যা হয়েছিল এবং সংশ্লিষ্ট বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল।

তথ্য বলছে, এয়ারবাসের অন্তত ৫৬০টি এ২০ ফ্যামিলি-জেট ভারতে সক্রিয়। তার মধ্যে ২০০-২৫০টি বিমানে বিশেষজ্ঞদের হস্তক্ষেপ প্রয়োজন। বিমানগুলিকে আপাতত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। তাই দেশ জুড়ে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা। সমস্যায় পড়তে পারেন হাজার হাজার যাত্রী। দেশের বাইরেও ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার বিমান পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে।

উল্লেখ্য, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ঠিক কতগুলি বিমান এয়ারবাস এ৩২০, তা নিশ্চিত করে জানায়নি কোনও সংস্থাই।