অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস (INC) নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi Health)। আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার দ্রুত তাঁকে ভর্তি করা হয় দিল্লির (Delhi) গঙ্গারাম হাসপাতালে। ঠিক কী কারণে অসুস্থতা, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, মঙ্গলবার রাতে আচমকাই শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীর। পরিস্থিতি বিবেচনা করে রাতেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন পুত্র তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কন্যা প্রিয়াংকা (Priyanka Gandhi)। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাঁর বুকে সংক্রমণ ধরা পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তবে অন্য একটি সূত্রের দাবি, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন ৭৯ বছরের সোনিয়া। নানা ধরনের শারীরিক অসুস্থতার জন্য নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হয় তাঁকে। দু’বার কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিড থেকে সেরে উঠলেও পরবর্তীতে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিয়েছে। গত বছর শিমলাতে বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে। সে সময় মেয়ের শিমলার বাড়িতে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। পাশাপাশি কয়েকটি মন্দির দর্শনেরও ইচ্ছা ছিল। আচমকা অসুস্থ হয়ে পড়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। শুধু তাই নয়, গত বছর একাধিকবার শারীরিক সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৭৯ বছরে পা দেন সোনিয়া গান্ধি। গত তিন বছর ধরে মাঝেমধ্যেই তাঁর শারীরিক অসুস্থতার খবর সামনে এসেছে এবং বিভিন্ন সমস্যার জন্য নিয়মিত চিকিৎসাধীন থাকতে হয়েছে। তবে শারীরিক সমস্যার মধ্যেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে তিনি নিজে রাজ্যসভার সাংসদ হলেও দলের সংগঠনের বিষয়ে আর ততটা মনোযোগ দেন না।





