Header AD

কুরুচিকর কটাক্ষে অতিষ্ঠ শ্রাবন্তী, সাইবার সেলে অভিযোগ দায়ের

জনপ্রিয় হিন্দি গানের তালে নাচের একটি ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ও কুরুচিকর মন্তব্যের শিকার হলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লাগাতার ট্রোলিংয়ে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন তিনি। শুক্রবার ই-মেলের মাধ্যমে অভিযোগ জমা দেন অভিনেত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমকে শ্রাবন্তী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অপমানজনক মন্তব্য সহ্য করে আসছিলেন। তাঁর কথায়, ‘শিল্পীরা খুব সহজেই ‘সফট টার্গেট’ হয়ে যান। দিনের পর দিন চেহারা ও ব্যক্তিগত বিষয় নিয়ে কুরুচিকর আক্রমণ মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক। কোনও পরিবর্তনের পেছনে কারণ না জেনে মন্তব্য করা উচিত নয়।‘

আসলে আসন্ন ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-র চরিত্রের প্রয়োজনে প্রায় দশ কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। সিরিজে তাঁকে ঠাকুমার ভূমিকায় দেখা যাবে। চরিত্রের বাস্তবতা বজায় রাখতেই এই শারীরিক পরিবর্তন, জানিয়ে শ্রাবন্তীর প্রশ্ন— “ঠাকুমার চেহারা কি নায়িকা-সুলভ ছিপছিপে হবে?” তাঁর আক্ষেপ, অকারণে সমালোচনা করতে অনেকেই ভালোবাসেন, আর সেই তালিকায় নারী-পুরুষ উভয়ই রয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে ‘আজ কি রাত’ গানে নেচেছিলেন শ্রাবন্তী। গানটি ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় ট্র্যাক, যেখানে নাচে নজর কেড়েছিলেন তামান্না ভাটিয়া। সেই স্টেপ অনুসরণ করেই মঞ্চে পারফর্ম করেছিলেন শ্রাবন্তী। ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় কটাক্ষ— কারও আক্রমণ তাঁর পোশাক নিয়ে, কারও আবার শরীরের গঠন নিয়ে।

তবে শুটিং শেষ হওয়ার পর এখন আবার নিয়মিত শরীরচর্চায় মন দিয়েছেন অভিনেত্রী। ব্যক্তিগত ও পেশাগত জীবনের এই চ্যালেঞ্জের মধ্যেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন— অপমান আর সহ্য নয়, প্রয়োজন হলে আইনের দ্বারস্থ হতেই হবে।