শুক্রবার বিকেলে একাধিক তুষারধসের কারণে শ্রীনগর-লেহ্ জাতীয় সড়ক (Srinagar Leh National Highway) কার্যত বন্ধ হয়ে যায়। জাতীয় সড়কের জোজিলা গিরিপথে (Zozila Pass) তুষারের নীচে চাপা পড়ে যায় একাধিক গাড়ি। এই ঘটনায় অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে এবং আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা জিতেন্দ্র সিংহ।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে জোজিলা পাসের জিরো পয়েন্ট ও মিনিমার্গের মাঝামাঝি এলাকায় আচমকাই তুষারধস নেমে আসে। এর জেরে একাধিক যানবাহন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে। খবর পাওয়া মাত্রই সেনা, আধাসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে বরফ ও পাথর সরিয়ে উদ্ধারকাজ শুরু করে।
শুক্রবার জ়োজিলা গিরিপথ ছাড়াও শ্রীনগর-লেহ্ জাতীয় সড়কের একাধিক জায়গায় ভূমিধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র এক্স পোস্টে লিখেছেন, “জোজিলা পাসে তুষারধসের অভিঘাতে সাত জনের মর্মান্তিক মৃত্যু এবং পাঁচ জনের আহত হওয়ার খবর শুনে আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”





