সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সাতদিনের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশানুসারে শনিবারই যে সেই তালিকা প্রকাশ করা হবে, তা শুক্রবারই রাজ্যের তরফে জানানো হয়। সেই মতো শনিবার সন্ধ্যায় অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট ১ হাজার ৮০৪ জনের নাম প্রকাশ হয়েছে। তালিকায় রয়েছে অযোগ্যদের নাম, রোল এবং সিরিয়াল নম্বরও।তবে তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের পাশে পরীক্ষার রোল নম্বর থাকলেও কোন স্কুলে তাঁরা কর্মরত ছিলেন তা উল্লেখ নেই। নবম, দশম, একাদশ ও দ্বাদশের আলাদা বিভাজনও করা হয়নি। এই নিয়েই প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। তাঁর অভিযোগ, “এই নামগুলো আমরা আগেও জানতাম। আমরা বারবার চাইছিলাম লিস্ট যেন এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এজন্য বিকাশ ভবনেও গিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা জানি কারা দাগি, শুধু লিস্টটা দিয়ে দিন। এখন যখন পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া চলছে তখন আর উপায় না পেয়ে লিস্ট প্রকাশ করল। লিস্ট তো বেরল, এরা পরীক্ষায় বসতে পারবে না সেটা জানতে পারলাম। কিন্তু বাকিদের চাকরি ফেরত আসবে তো?”প্রসঙ্গত, শুক্রবারের শুনানিতে এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৬ সালের এসএসসি প্যানেলের দাগি ১৯০০ জনের নামের তালিকা প্রকাশ করে দেবে কমিশন। যদিও এদিনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে ১৮০৪ জনের। তবে তালিকার সঙ্গে এসএসসির তরফে দেওয়া একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ওই নোটে এই লিস্টকে ‘প্রথম তালিকা’ বলে চিহ্নিত করা হয়েছে।তাহলে কি আগামিদিনে আরও তালিকা প্রকাশ হবে? যদিও এই বিষয়ে এসএসসির তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।





