Header AD

আধুনিক হচ্ছে রাজ্য পুলিশ! অপরাধ দমনে ভবানী ভবনে তৈরি হচ্ছে AI সেল

অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঙ্গে জোট বাঁধতে চলেছে পুলিশ। সেই লক্ষ্যে পুলিশ বিভাগে গঠিত হতে চলেছে এআই সেল। শুক্রবার ভবানী ভবন থেকে এই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। প্রশিক্ষণ, পরিকল্পনা, প্রশাসনিক কাজ, তদন্ত সবদিক থেকে পুলিশকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে তুলতেই মূলত এই উদ্যোগ।

ভবানী ভবন সূত্রে খবর, রাজ্য পুলিশের নবীন এআই সেলের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত ডিজি (ADG) পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক। এই সেলের চেয়ারম্যান হবেন তিনি। তাঁর অধীনেই এআই সেলের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণ হবে। আইজিপি/ডিআইজি/এসপি পদমর্যাদার কোনও আধিকারিক তাঁর অধীনে থাকবেন। সমন্বয়, ডকুমেন্টেশন এবং সেলের অগ্রগতি হবে তাঁর কাজ। এর সঙ্গে কারিগরি ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সহায়তায় থাকবেন দু’জন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ। তাঁদের কাজ হবে সমস্ত ব্যবস্থাপনার মূল্যায়ন করা, পরামর্শ দেওয়া। নতুন এই সেলের অগ্রগতির জন্য প্রয়োজন অনুসারে সভা করা হবে প্রতি দুই সপ্তাহ অন্তর একবার।

পুলিশ সূত্রে খবর, গোটা বিশ্বজুড়ে এখন বিস্তর প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তার। তাই অপরাধ দমনে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের অত্যাধুনিক হিসেবে গড়ে তোলাই এই সেলের মূল লক্ষ্য। রাজ্যের বিভিন্ন জেলায় এআই-এর বাস্তব অভিজ্ঞতা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করবে। তদন্ত, অপরাধ, তথ্য বিশ্লেষণে পুলিশের প্রধান সহকারি হয়ে উঠবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।

রাজ্য পুলিশ দপ্তর ভবানী ভবনেই থাকবে নয়া এই এআই সেল। এই সেলের জন্য রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় আর্থিক, প্রশাসনিক, প্রযুক্তিগত সাহায্য প্রদান করা হবে । এছাড়াও এআই ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি নীতিমালা তৈরির দায়িত্বও থাকবে সেলের ওপর। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ শিবির আয়োজনের দায়িত্বও এই সেলের উপরই থাকবে। সূত্রের খবর , ডিজি রাজীব কুমারের অধীনে এই সেলের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে।