Header AD
Trending

তেলের আগুনে জ্বলল বাজার, মোদির বার্তাতে ঘৃতাহুতি! রক্তক্ষরণ সেনসেক্স-নিফটিতে

Stock Market Today

পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা ঘিরে সোমবার ফের বড় ধাক্কা খেল দেশের শেয়ারবাজার(Sensex)। সপ্তাহের প্রথম লেনদেনেই তীব্র পতন দেখা গেল সেনসেক্স ও নিফটিতে (Nifty)। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স এক হাজার পয়েন্টের বেশি নেমে যায়। একইসঙ্গে চাপ বাড়ে নিফটি ও ব্যাঙ্ক নিফটিতেও।

বাজার বিশেষজ্ঞদের মতে, ইরান-আমেরিকা সংঘাত ঘিরে উদ্বেগ এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়াই এই ধসের মূল কারণ। ব্যারেল প্রতি ক্রুড অয়েলের (Crude oil price hike) দাম ১০৫ ডলার ছাড়িয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিএসই সেনসেক্স প্রায় ১০১৭ পয়েন্ট পড়ে ৭৬ হাজার ৩১১-এ নেমে আসে। অন্যদিকে এনএসই নিফটিও প্রায় ৩০০ পয়েন্ট হারিয়ে ২৩ হাজার ৮৭৯-এর ঘরে পৌঁছে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও বাজারে চাপ অব্যাহত রয়েছে এখনও।

সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ব্যাঙ্কিং, বিমান ও অটোমোবাইল ক্ষেত্রের শেয়ার। বড় পতন দেখা গিয়েছে এএবি ইন্ডিয়া, টাইটান, ইন্ডিগো, স্টেট ব্যাঙ্ক, টাটা মোটরস ও ইন্ডিয়ান অয়েলের মতো সংস্থার শেয়ারে। তবে বাজারের এই নেতিবাচক আবহেও কিছু সংস্থার শেয়ার ঊর্ধ্বমুখী ছিল। টাটা কনজিউমার, কোল ইন্ডিয়া, আদানি গ্রিন, সান ফার্মা ও হুন্ডাই মোটরের শেয়ারে লাভের ছবি দেখা যায়।

এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি বার্তাও বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মত বিশ্লেষকদের। দেশবাসীর উদ্দেশে তিনি জ্বালানি তেলের ব্যবহার কমানো, অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়ানো এবং সোনা, ভোজ্য তেল ও রাসায়নিক সারের মতো আমদানিনির্ভর পণ্যের ব্যবহার কমানোর আবেদন জানিয়েছেন। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই বার্তা থেকে অর্থনৈতিক চাপ বৃদ্ধির আশঙ্কা আরও স্পষ্ট হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বেড়েছে।