আসন্ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ECI)। এবার থেকে ভোট দিতে গেলে প্রত্যেক ভোটারকে বুথে প্রবেশের আগে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’-এর (2 Step Verification) মধ্য দিয়ে যেতে হবে।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, প্রথম ধাপে ভোটারদের নির্ধারিত পরিচয়পত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে। বুথের প্রবেশপথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই পরিচয়পত্র পরীক্ষা করবেন। এরপর দ্বিতীয় ধাপে বুথস্তরের আধিকারিক (BLO) ওই পরিচয়পত্রের সত্যতা যাচাই করবেন। এই দুই স্তরের যাচাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলেই ভোটার বুথে প্রবেশ করে ভোট দেওয়ার অনুমতি পাবেন।
কমিশন জানিয়েছে, এই পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখবেন সেক্টর অফিসাররা এবং কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। বুথ দখল, জাল ভোটার প্রবেশ এবং বিশৃঙ্খলা রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়াও, এবার পোলিং বুথের চারপাশে ১০০ মিটার এলাকাকে ‘নিষিদ্ধ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হবে। সাদা চক দিয়ে এই সীমারেখা টানা হবে, যার মধ্যে শুধুমাত্র ভোটারদের প্রবেশের অনুমতি থাকবে। ওই নির্দিষ্ট এলাকার মধ্যে কোনও ধরনের ভিড়, জমায়েত বা প্রচার কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিয়ম কার্যকর করতে কেন্দ্রীয় বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের দাবি, এই নতুন ব্যবস্থা ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং স্বচ্ছ করে তুলবে।




