Header AD

সুপার হিটলারকেও ছাপিয়ে গেছে! অন্ডাল যাওয়ার আগে বিমানবন্দরে বিজেপি-কমিশনকে নিশানা মমতার

airport cm

শুক্রবার জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে আকাশপথের পরিবর্তে সড়কপথে নির্বাচনী প্রচারে অন্ডাল যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু আবহাওয়ার উন্নতি হতেই সিদ্ধান্ত বদল। শুক্রবার দুপুরে বিমানের অন্ডাল রওনা হলেন তিনি। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও কমিশনকে একযগে আক্রমণ করেন তিনি। মমতা বলেন, “সুপ্রিম কোর্টের অর্ডার ওরা মানছে না। ফার্স্ট সাপ্লিমেন্টরি তালিকাই এখনও কেউ পায়নি। একটা বুথে হয়তো ৬০০ ভোটার তার মধ্যে ৪০০ জনের নাম বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ কেউ জানেনা। এর থেকে বেশি গণতন্ত্রের হত্যা হতে পারেনা। যা চলছে তা সুপার হিটলারকেও ছাপিয়ে গেছে। মানুষের অধিকার আর গণতন্ত্রকে ভ্যানিশ করে দিচ্ছে। এসব কি বিজেপির জমিদারি? রামনবমী দিন বলে গেলাম এর বিহিত হবেই। ধর্মের কল বাতাসে নড়ে।” এছাড়াও গ্যাস সংকটের কথা মনে করিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকারকে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, “ভোটের ডিউটিতে ১০ লক্ষ লোক আসছে, বাংলার মানুষের যেন গ্যাসের অসুবিধা না হয়।”

দুর্যোগের কারণে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে আকাশপথে কলকাতা ফেরার সময় বিপাকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিমান আকাশে দেড় ঘণ্টা চক্কর কাটে। দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চড়েছিলেন মমতা । ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর ঠিক আগেই কলকাতায় দমদম এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয় বলেই খবর। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় দমদম বিমানবন্দর চত্বর। খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা পর অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি। এই ঘটনায় এটিসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন আবহাওয়া সংক্রান্ত খবর আগে থেকে দেওয়া হয়নি সেই প্রশ্নও উঠেছে।

জানা যাচ্ছে, এদিন রাতে সম্ভবত দুর্গাপুরে থাকবেন তিনি। শনিবার রানিগঞ্জে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।