Header AD

সন্দেহের বশে প্রেমিকা-সহকর্মীকে নৃশংস খুন আগ্রায়, ফিরল দিল্লির শ্রদ্ধা খুনের স্মৃতি

প্রেমের জালে জড়িয়ে খুনের ঘটনা আকছাড় ঘটছে। কিন্তু সদ্য হাড় হিম করা নৃশংস খুনের ঘটনায় স্তম্ভিত আগ্রাবাসী। ফিরিয়ে আনল দেশজুড়ে হইচই ফেলা শ্রদ্ধা ওয়াকার খুনের স্মৃতি। আগ্রার পার্বতী বিহারে প্রেমিকাকে খুন করে বস্তায় ভরে স্কুটি নিয়ে গোটা শহর ঘুরে বেড়ালেন প্রেমিক। প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে।
সূত্রের খবর, একই অফিসে কাজ করতেন অভিযুক্ত যুবক বিনয় এবং তাঁর প্রেমিকা। বিনয়ের সন্দেহ ছিল, তাঁকে মিথ্যে বলে অন্য পুরুষের সঙ্গে ডেটিং করছেন প্রেমিকা। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৩ জানুয়ারি বিনয় তাঁর প্রেমিকাকে অফিসে ডেকে পাঠান। ঝামেলা হওয়ার সময় রাগের মাথায় প্রেমিকার উপর ছুরিকাঘাত করেন। কুপিয়ে খুন করে তাঁর মাথা ও পা কেটে ফেলে দেহটি একটি বস্তায় ভরে নেন। ঘটনাটি ঘটেছে গত ২৩ জানুয়ারি আগ্রার ট্রান্স যমুনা থানা এলাকার পার্বতী বিহারে।
তারপর মেয়েটির স্কুটারেই তাঁর বস্তাবন্দি দেহ চাপিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে যমুনা সেতুতে নিয়ে গিয়ে ফেলে দেন অভিযুক্ত। আর প্রেমিকার কাটা মাথা ড্রেনে ফেলে দেন। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন। যদিও মৃত তরুণীর মাথা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত বছর ১৮ মে দিল্লির মেহেরৌলিতে প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার হাতে খুন হন শ্রদ্ধা ওয়াকার। খুনের পর লিভ-ইন সঙ্গী শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরো করে আফতাব প্রথমে তা ফ্রিজে রেখে দেয়। এরপর দিল্লির বিভিন্ন জায়গায় তা ফেলতে থাকে। সেই ঘটনার পুনরাবৃত্তি হল আগ্রায়।