Header AD

১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা, বাংলায় ধীরে ধীরে পড়ছে শীত

রাজ্যে এখন শীতের আমেজ। পশ্চিমী শীতল হাওয়ায় বাংলার পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা এখন প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কলকাতায়  তাপমাত্রা কমে এখন ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সপ্তাহের শেষ পর্যন্ত খুব বেশি হেরফের হবে না আবহাওয়ার। ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও সমানভাবে বজায় থাকবে শৈত্যপ্রবাহ।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ক্রমশ শক্তি হ্রাস পাচ্ছে মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের। এছাড়াও দক্ষিণ বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু ও তার সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অপরদিকে, বাংলার পশ্চিমের জেলাগুলিতে এখন শীতের আমেজ। ভোরবেলা ও রাতের দিকে শীতের আমেজ বেশি। এছাড়াও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে। রয়েছে হালকা কুয়াশাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৮৯ শতাংশ। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি। চার-পাঁচ দিন আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একইরকম। এই সপ্তাহে শনিবার পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও সকালের দিকে দেখা মিলেছে কুয়াশার। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস কেরল এবং মাহেতে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার দাপট বেশি থাকবে। তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি হয়েছে দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরপ্রদেশেও।