Header AD

জ্বালানির দামে লাগাম টানতে আবগারি শুল্ক কমাল কেন্দ্র, আমজনতার লাভ কতটা?

crude oil hike

পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধের (Middle East war) প্রভাবে বিশ্ববাজারে ক্রমাগত বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে দেশের জ্বালানির বাজারকে স্থিতিশীল রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার থেকে পেট্রল ও ডিজেলের (Petrol & Diesel price hike) উপর লিটার প্রতি ১০ টাকা করে আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।

এই সিদ্ধান্তের ফলে পেট্রলের উপর শুল্ক কমে দাঁড়িয়েছে লিটার প্রতি ৩ টাকা, আর ডিজেলের উপর কার্যত কোনও আবগারি শুল্কই থাকছে না। তবে প্রশ্ন উঠছে—এই সিদ্ধান্তে সাধারণ মানুষের কতটা লাভ হবে?

এরই মধ্যে একটি বেসরকারি সংস্থা পেট্রলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়ানোর ঘোষণা করেছে। পাশাপাশি এলপিজি সিলিন্ডারের (LPG price hike) দামও বেড়েছে, যা সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এই শুল্ক হ্রাসের সুফল সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছানোর সম্ভাবনা কম। কারণ, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এতদিন আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল কিনেও সরকার নির্ধারিত দামে বিক্রি করছিল। এর ফলে তাদের বিপুল লোকসান হচ্ছিল।

বর্তমানে প্রতি লিটার পেট্রল ও ডিজেলে প্রায় ৪৮.৮ টাকা করে ক্ষতির মুখে রয়েছে তেল বিপণনকারী সংস্থাগুলি। তাই মনে করা হচ্ছে, শুল্ক কমানোর ফলে যে আর্থিক সুবিধা তৈরি হবে, তার বড় অংশই এই সংস্থাগুলির ক্ষতি পুষিয়ে নিতে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে উত্তেজনার জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব যাতে দেশের জ্বালানি দামে সরাসরি না পড়ে, সেজন্যই কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে একটি জরুরি বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীসহ (Hardeep Singh Puri) শীর্ষ মন্ত্রীরা এই সিদ্ধান্ত নেন।

সব মিলিয়ে, জ্বালানির দামে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও, সাধারণ মানুষের পকেটে তার প্রভাব খুব একটা পড়বে না বলেই মত ওয়াকিবহাল মহলের।