লেকটাউনে লিওনেল মেসি (Leonel Messi) ও ডিয়েগো মারাদোনার (Diego Maradona) মূর্তি বসানোকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মূর্তিগুলি সরকারি জমিতে স্থাপন করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জনৈক স্বদেশ মজুমদার। আদালত জানিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে দমদম পুরসভা ও রাজ্য সরকারকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে।
আবেদনকারীর অভিযোগ, রাস্তার ধারে মূর্তি তৈরি করা হয়েছে এবং শাসকদলের এক নেতা কীভাবে সরকারি জমিতে এই মূর্তি নির্মাণ করলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উল্লেখ করে বলেন, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে সরকারি জমিতে কোনও মূর্তি বা স্থাপত্য নির্মাণ করা যায় না।
উল্লেখ্য, সম্প্রতি ভারত সফরে এসে কলকাতায় মেসি ভার্চুয়ালি ওই মূর্তির উদ্বোধন করেন। পরে তিনি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানের সময় মাঠে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পরেই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এই মামলার শুনানিতে বিচারপতি পার্থসারথী সেন আগেই প্রশ্ন তুলেছিলেন—সুজিত বসুর উদ্যোগে যে মূর্তি বসানো হয়েছে, তা কি সরকারি জমিতে, না কি ব্যক্তিগত জমিতে? সরকারি জমিতে ব্যক্তিগতভাবে কোনও স্থাপত্য নির্মাণ করা যায় কি না, সেই প্রশ্নও আদালতে ওঠে। এবার সেই সব প্রশ্নের স্পষ্ট জবাব পেতেই রাজ্য সরকার ও দমদম পুরসভাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।





