Header AD

৪৮ বছর পর উন্মুক্ত জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার! একাধিক সিন্দুকে কি বিপুল সম্পদ?

Jagannath Temple Puri

প্রায় ৪৮ বছর পর অবশেষে পুরীর জগন্নাথ মন্দিরের (JagannathTemplePuri) রত্নভাণ্ডারের অন্দরমহল খুলে দেখা হল। মঙ্গলবার মন্দিরের প্রথা মেনে দুপুর ১টা ২৮ মিনিটে অন্দরমহলের দরজা খোলা হয়। দরজা খোলার পর ভিতর থেকে বেশ কয়েকটি বড় সিন্দুক উদ্ধার হয়েছে, যেগুলি এখন পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখযোগ্য যে, শেষবার ১৯৭৮ সালে রত্নভাণ্ডারের অন্দরমহল খোলা হয়েছিল। এরপর বহুবার বাইরের অংশ খোলা হলেও ভিতরের কক্ষ অক্ষতই ছিল। সম্প্রতি ওড়িশা হাই কোর্টের অনুমতি মেলার পরে মন্দিরের নিয়ম মেনে আবার এই অন্দরমহল খোলা সম্ভব হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭৮ সালের তালিকার সঙ্গে বর্তমানে উদ্ধার হওয়া সামগ্রী মিলিয়ে দেখা হবে। পাশাপাশি প্রতিটি সামগ্রীর মান যাচাই করা হবে এবং পুরো ভাণ্ডারের থ্রিডি ম্যাপিং করার পরিকল্পনাও রয়েছে। কোনও রত্ন বা অলঙ্কার হারিয়ে গেছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

সূত্রের খবর, রত্নভাণ্ডারে প্রায় ১৮০ ধরনের মূল্যবান গয়না রয়েছে, যার মধ্যে ৭৪ ধরনের ভারী সোনার অলঙ্কার। কিছু গয়নার ওজন ১০০ তোলা (প্রায় দেড় কেজি) পর্যন্ত। এছাড়াও ‘রেজা সুনা’ (সোনা) ও রুপো মজুত রয়েছে, যা দেবতাদের অলঙ্কার মেরামতির কাজে ব্যবহৃত হত।

পুরো প্রক্রিয়াটি তদারকির দায়িত্বে রয়েছেন ওড়িশা হাই কোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ। তবে এখনও পর্যন্ত বিশেষজ্ঞ কমিটির তরফে আনুষ্ঠানিকভাবে ভাণ্ডারের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি। রত্নভাণ্ডারের গোপন কুঠুরি নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা ও রহস্য প্রচলিত রয়েছে। সেখানে বিপুল পরিমাণে অমূল্য রত্ন ও অলঙ্কার লুকিয়ে আছে বলে বহুদিন ধরেই ধারণা করা হয়।