সোমবার বেলেঘাটার গান্ধী ভবনে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ও শ্রেয়া পাণ্ডের হয়ে নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে বিজেপি এবং কমিশনকে এক যোগে আক্রমণ শানিয়ে মমতা বলেন, “ভোটকাটারি। কলকাতায় এক একটা কেন্দ্র থেকে ভোট কেটেছ কত? জল মাপবে?”একই সঙ্গে পহেলগাঁও ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ করে তিনি গর্জে ওঠেন, “সীমান্ত রক্ষা করতে যাঁদের কাজে লাগায়, যুদ্ধে যে বীর সৈনিকেরা প্রাণ দেন, আমরা তাঁদের স্যালুট জানাই। পহেলগাঁও রক্ষা করতে পারে না, মিলিটারিদের দিয়ে মিটিং করছে। সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছে। সব নিয়ে এসেছে। তা-ও বলি, সব নিয়ে তুমি ফিরে যাবে। খালি হাতে। পশ্চিমবঙ্গের মানুষ তোমাদের বিশ্বাস করে না।”
সভা থেকে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমার প্রার্থীদের প্রচার করতে দিচ্ছে না। সব রেড করছে বাড়ি গিয়ে গিয়ে। আর মিথ্যা কথা বলছে। আর চোর-ডাকাত গুলো বসে আছে। বিজেপির মন্ত্রীগুলো সবক’টা চোর, সবক’টা গদ্দার, সবক’টা ডাকাত। মহিলা নির্যাতন করে। কার বাড়িতে রেড করছে? এক জনের বাড়ি দেখান। বলছে, গাঁজা দিয়ে তৃণমূলের সবাইকে অ্যারেস্ট করে দাও। তুমি গাঁজা দেবে, আর আমি তোমাকে খাজা দেব? ভেবো না আমরা লক্ষ্য রাখছি না। যারা যারা এ সব করে বেরাচ্ছো, বিজেপি তো শীঘ্রই যাবে, তোমরা যেখানেই থাকো আমি কিন্তু ক্ষীরের নাড়ু পাঠাব। সকলের নাম, ঠিকানা, ফোন নম্বর জোগাড় করে রাখছি।”
সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi) কটাক্ষ করেন তিনি । মমতা বলেন, “প্রত্যেকটা মিটিংয়ের আগে, ভোটের আগে গুহাতে গিয়ে বসে থাকে। বরফের গুহা তৈরি করে এয়ার কন্ডিশন সাজিয়ে। যেন ধ্যান করছে। আরে যাদের আগে নৈতিক চরিত্র ঠিক করা দরকার, তারা নাকি নীতির কথা বলে। এ দেশে এটা হচ্ছে উল্টো পুরাণ। ভদ্রতা মানি বলে মুখ খুলি না।” পাশাপাশি মমতা বলেন, “মেয়েদের ব্যাগ সার্চ করতে বলছে। আমার হাতে কিন্তু এখন পুলিশ নেই। আপনাদের উপর অত্যাচার হলে ভাববেন, আমার নয়, ওটা বিজেপির।”
একই সঙ্গে নাম না করে সিপিএম এবং কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে ক্ষোভ উগরে মমতা বলেন, “তৃণমূলকে চার্জশিট দিচ্ছে। তৃণমূলের সবাই চোর? জানেন তো, বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা। ডাকাতের পার্টি। হার্মাদদের পার্টি। সিপিএমের যত হার্মাদ, সব হয়েছে এখন বিজেপির ওস্তাদ। ভোট দখল করতে নেমেছে।” কেন্দ্রের বিরুদ্ধে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন , “এটা নাকি সব অনুপ্রবেশের কারখানা। এখানে নাকি মেয়েরা শান্তি পায় না, রাস্তায় বেরোতে পারে না। নয়ডা, অসম, মণিপুর জ্বলছে। কে জ্বালাচ্ছে?”
বিজেপি-কে বিঁধে সাধারণ মানুষের উদ্দেশে মমতা বললেন, “এখন গ্যাস পাচ্ছেন কেন বলুন তো? আমার ঝগড়ার জন্য। আমি ঝগড়া করে বলেছি একদম পশ্চিমবঙ্গের বাইরে যেতে দেব না। ভোট ফুরিয়ে যাবে, সব গ্যাস পালিয়ে যাবে। তখন গ্যাসটা আবার কত দাম বাড়বে দেখে নেবেন।”




