Header AD
Trending

গেরুয়া ঝড়ে একদা ভিড়ে ঠাসা অফিস এখন নিস্তব্ধ, বোলপুরে সংগঠনের ভিত নিয়ে চাপে তৃণমূল

Bolpur TMC

গেরুয়া ঝড়ের অভিঘাতে বোলপুরে তৃণমূলের (TMC) সাংগঠনিক শক্তির ছবিটা যেন আচমকাই বদলে গিয়েছে। ভোটের ফল প্রকাশের পর থেকে জেলার তৃণমূল কার্যালয়ে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। যে অফিস একসময় কর্মী-সমর্থকদের ভিড়ে সরগরম থাকত, এখন সেখানে দেখা মিলছে হাতে গোনা কয়েকজনের। দলের প্রথম সারির নেতৃত্বের অনুপস্থিতিও স্পষ্টভাবে চোখে পড়ছে।

এবারের বিধানসভা নির্বাচনে জেলার ১১টি আসনের মধ্যে ৬টিতে জয় তুলে নিয়ে এগিয়ে গিয়েছে BJP। তৃণমূল ৫টি আসন ধরে রাখলেও, ফলাফল ঘিরে সংগঠনের অন্দরে হতাশার সুর স্পষ্ট। একসময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে বোলপুরে নিজেদের সংগঠন মজবুত করেছিল তৃণমূল। সেই জেলা কার্যালয়ই দীর্ঘদিন রাজ্যের রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, সেই পুরনো দাপট এখন অনেকটাই ফিকে।

ভোটের ফল প্রকাশের পর শহরের একাধিক জনপ্রতিনিধি, পুরপ্রধান এবং দলের পরিচিত মুখদের জনসমক্ষে খুব একটা দেখা যাচ্ছে না বলেই অভিযোগ উঠছে। দলীয় কার্যালয়েও তাঁদের উপস্থিতি নেই। ফলে নিচুপট্টির জেলা তৃণমূল অফিস এখন প্রায় কর্মীহীন অবস্থায় দিন কাটাচ্ছে।

স্থানীয় কর্মীদের একাংশের দাবি, গণনার দিন সকাল পর্যন্ত অফিসে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু ফলাফলের প্রবণতা স্পষ্ট হতেই সেই ভিড় দ্রুত কমতে শুরু করে। তারপর থেকে আর আগের মতো কর্মী-সমর্থকদের আনাগোনা নেই। বিশেষ করে বোলপুর শহরে দলের পিছিয়ে পড়া হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে দ্রুত অঞ্চলভিত্তিক বৈঠকে নামার বার্তা দিয়েছেন জয়ী তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ (Chandranath Sinha)। তাঁর কথায়, কর্মীদের মধ্যে হতাশা থাকলেও সংগঠনকে ফের চাঙ্গা করতে শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে।