পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে ক্যানিং পশ্চিমে ক্যানিং স্পোর্টস সংলগ্ন মাঠে দ্বিতীয় জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভায় সিপিএমকে কটাক্ষ করে তিনি বলেন, “দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। সিপিএমের (CPIM)বিরুদ্ধে লড়াইয়ের পথ দেখিয়েছিল এই জেলার মাটি।” নিজের সংসদীয় ক্ষেত্রের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমার জন্মভূমি দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমার কর্মভূমি এই দক্ষিণ চব্বিশ পরগণা।”
যাঁদের নাম গায়ের জোরে বা চক্রান্ত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের অভয় দিয়ে অভিষেক বলেন, “যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তাঁরা আতঙ্কিত হবেন না। ৪ঠা জুন ফল বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফের ক্ষমতায় ফিরবে। এক মাসের মধ্যে আপনারা ভোটার আইডি কার্ড পাবেন। এটা আমাদের শপথ।”
প্রথম দফার নির্বাচনের প্রসঙ্গ টেনে অভিষেক দাবি করেন, বিজেপি (BJP) ইতিমধ্যেই ‘ভোকাট্টা’ হয়ে গিয়েছে। তাঁর কথায়, “কালকে তো তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে। কালই সেঞ্চুরি ক্রস হয়ে গেছে। উত্তরবঙ্গ বা জঙ্গলমহল যদি বিজেপির মেরুদণ্ড ভেঙে থাকে, তবে দক্ষিণ চব্বিশ পরগণা ওদের কোমর আর হাঁটু ভেঙে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে।”
বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে বিজেপির সমালোচনার কড়া জবাব দেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “যারা আগে আমাদের মাছ-মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, এখন ভোট আসতেই সেই বিজেপি নেতারা হাতে ইলিশ, রুই, কাতলা নিয়ে প্রচার করছে। ৪ তারিখের পর এদের মাছের বাজারে নিয়ে গিয়ে মাছ কাটাব এবং বিক্রিও করাবো।” যারা বাঙালিদের ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ বলে অপমান করেছে, আগামী ২৯ তারিখের নির্বাচনে ব্যালট বাক্সে তাদের যোগ্য জবাব দেওয়ার ডাক দেন তিনি।




