বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে উত্তর থেকে দক্ষিণ—পুরো বাংলা জুড়ে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার ধূপগুড়ির ফণীর মাঠে দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করে তিনি। মঞ্চ থেকে অভিষেকের স্পষ্ট বার্তা—কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভকে ভোটের মাধ্যমে প্রকাশ করতে হবে। তিনি প্রশ্ন তোলেন, “সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে বিজেপি কোন সাহসে মানুষের কাছে ভোট চাইছে?”
মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লড়াই নয়, বরং এটি মানুষের প্রতিবাদ, প্রতিশোধ এবং জবাব দেওয়ার সুযোগ। তাঁর কথায়, এই নির্বাচন বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, বিজেপির জামানত জব্দ করার ভোট।” অভিষেক এদিন নোটবন্দি, কোভিড লকডাউন এবং বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে কেন্দ্রের নীতির সমালোচনা করে বলেন “মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়েছে এই সরকার। ২৩ তারিখে শেষবার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তার জবাব দিন।” একইসঙ্গে তিনি বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগও তোলেন। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য অর্থ বন্ধ করে দিয়েছে।
রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও তুলে ধরেন তিনি। “যুবসাথী প্রকল্পে মাসে ১,৫০০ টাকা দেওয়া হচ্ছে, যা পাঁচ বছরে ৯০,০০০ টাকায় পৌঁছায়। অথচ কেন্দ্রের তরফে মানুষের হাতে তেমন কিছুই পৌঁছায়নি,”—বলেন তিনি। রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অভিষেক জানান, আগামী পাঁচ বছরে দরিদ্র মানুষের জন্য পাকা বাড়ির ব্যবস্থা, প্রতিটি ঘরে পানীয় জলের সংযোগ এবং দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তৃণমূলের ইস্তেহারে।
সব মিলিয়ে, ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের বার্তা স্পষ্ট—এই ভোট শুধুমাত্র নির্বাচন নয়, এটি মানুষের অধিকার ও সম্মানরক্ষার লড়াই।





