এ বার যোগী আদিত্যনাথের রাজ্যে বিএলওর মৃত্যু। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজের চাপে উত্তরপ্রদেশে এক বিএলও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মঙ্গলবার বিষ খেয়ে নিজেকে শেষ করার আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। মৃতের নাম বিপিন যাদব। বয়স ৪০ বছর। পরিবারের দাবি, কাজের চাপের পাশাপাশি প্রশাসনের কর্তারা তাঁর সঙ্গে খারাপ আচরণ করছিলেন। মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিওয় সেটাই বলেছিলেন বিএলও। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে উত্তরপ্রদেশ সরকার।
উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বাসিন্দা বিপিন যাদব পেশায় স্কুলশিক্ষক। কর্মস্থলে বুথস্তরের আধিকারিকের (Blo) দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে প্রত্যেকের নজর এড়িয়ে বাড়িতেই বিষপান করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতি দেখে সেখানকার চিকিৎসকেরা গোন্ডা মেডিক্যাল কলেজে স্থানান্তর করে দেন। পরে মেডিক্যাল কলেজ থেকে বিপিনকে নিয়ে যাওয়া হয় লখনউয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারে। কিন্তু হাসপাতালে ভর্তি করানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
মৃত বিএলএওর পরিবারের দাবি, এসআইআরের কাজে অত্যধিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বাড়ির কর্তা। অন্য দিকে প্রশাসনের তরফে পরিবারের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, কর্মক্ষেত্রে চাপ দেওয়া হয়নি ওই শিক্ষককে। বিএলওর আত্মহত্যার নেপথ্যে পারিবারিক কারণ থাকতে পারে বলে মত স্থানীয় প্রশাসনের।





