Header AD

‘ভোটের ময়দানে বাংলায় এবার দুই RC-র লড়াই!’ সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট অভিষেকের

ab tweet

‘ভোটের ময়দানে বাংলায় এবার দুই RC-র লড়াই! বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড’, মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া এমনই ইঙ্গিতবাহী পোস্ট লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআর তালিকায় বিবেচনাধীনদের নামের তালিকা ইতিমধ্যেই কমিশন প্রকাশ করেছে। সেই আবহে বিজেপির রিমোট কন্ট্রোল রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক (Abhishek Banerjee)।

প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীনের নথি যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর সোমবার মধ্যরাতে নির্বাচন কমিশন (ECI)একটি তালিকা প্রকাশ করে, যেখানে দেখা যায় প্রায় ৪৫ শতাংশ অর্থাৎ ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তার মধ্যে যেমন মতুয়া, জনজাতি, সংখ্যালঘুদের নাম রয়েছে তেমনি রয়েছে হিন্দু বাঙালিদের নামও। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এই বাদ যাওয়া ভোটারদের নাম অন্তত বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ ট্রাইবুনাল জনিত সমস্যা। এই আবহে বিজেপির রিমোট কন্ট্রোল রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক (Abhishek Banerjee)।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ছাব্বিশের লড়াই আসলে দুই RC- র লড়াই। একদিকে বিজেপির রিমোট কন্ট্রোল (Remote Control)অন্যদিকে তৃণমূলের রিপোর্ট কার্ড (Report Card)।এদিন এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, ‘২০২৬-এর লড়াই আসলে দুই RC-র লড়াই। একদিকে রয়েছে বিজেপির RC। তাদের Remote Control, যার মাধ্যমে বাংলার প্রাপ্য অর্থ আটকে দেওয়া হয়, SIR-এর মতো প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলে, অশান্তি ও সাম্প্রদায়িক বিভাজনের বীজ বোনা হয়। কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করা হয়। বাঙালিদের রোহিঙ্গা বা বাংলাদেশি তকমা দেওয়া, পরিযায়ী শ্রমিকদের হয়রান করা হয়। অনবরত আমাদের সংস্কৃতি, আইকন, খাদ্যাভ্যাস ও ঐতিহ্যকে অপমান করা হয়। তাদের রিমোট কন্ট্রোল মিথ্যে প্রচারের সময়ে লাউডস্পিকারের ভূমিকা নেয়, কিন্তু সার্বভৌমত্ব ও বাংলার স্বার্থে চুপ করে যায়।’

এরপরই অভিষেক তাঁর পোস্টে মনে করিয়ে দেন, তৃণমূলের RC অর্থাৎ রিপোর্ট কার্ডে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্বেও বাংলার মানুষের উন্নয়নের কথা বারবার ফুটে উঠেছে। তিনি লেখেন, ‘এই RC-তে আছে কাজের হিসেব, প্রতিশ্রুতি পূরণ, স্বপ্নের বাস্তবায়ন আর মানুষের জীবনে পরিবর্তন। ‘ সবশেষে, নিজের জনসভার ভিডিও পোস্ট করে বিজেপি (BJP) ও কমিশনকে একযোগে নিশানা করেছেন অভিষেক। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘বাংলায় রিমোট কন্ট্রোলের দিন শেষ। দিল্লির জমিদাররা দূর থেকে বোতাম টিপতে পারেন। কিন্তু বাংলা গর্ব আর দৃঢ় সংকল্পের সঙ্গে জোড়াফুলকে নিজেদের ভবিষ্যৎ হিসাবে নির্বাচন করবে।’